আদরের নাতি তিন বছরের সানিকে বুকে আঁকড়ে ধরে বাঁচাতে চেয়েছিলেন সাহারা বানু। কিন্তু পারেননি। পারেননি নিজেও বাঁচতে। গত বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ আগুন তাঁদের বাঁচতে দেয়নি। পুড়ে যাওয়ায় পরস্পরের সঙ্গে আটকে যাওয়া মরদেহ দুটি আলাদা করাও সম্ভব হয়নি। তাই নানি-নাতিকে একই কাফনের কাপড়ে মুড়িয়ে একই কবরে দাফন করা হয়।নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারাহি নগরে গত শনিবার রাতে দাফন করা হয় সাহারা ও সানিকে। আগুনে সাহারা ছাড়াও মারা যান তাঁর স্বামী মকবুল আহম্মদ, বড় মেয়ে ফেরদৌসী বেগম, তাঁর আড়াই বছরের শিশু ফাহিম, মেজ মেয়ে শারমিন বেগম, তাঁর স্বামী ছিদ্দিক, শারমিন ও ছিদ্দিক দম্পতির শিশুপুত্র সানি। ফেরদৌসী ও ফাহিমকে স্বামীর বাড়ি চাঁদপুরের কচুয়ায় ও ছিদ্দিককে তাঁর গ্রামের বাড়ি মতলব উপজেলায় দাফন করা হয়। অন্যদের দাফন করা হয় সোনাইমুড়ীর বারাহি নগরে।গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা থেকে সাহারা, মকবুল, শারমিন ও সানির মরদেহ তাঁদের গ্রামের বাড়ি বারাহি নগরে এসে পৌঁছায়। এ সময় সাহারার দুই মেয়ে তাছলিমা (২০) ও আকলিমা (১৮) এবং একমাত্র ছেলে সোহাগ (১৪) এবং তাঁদের আত্মীয়স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। শোকে বিহ্বল হয়ে পড়েন পাড়া-প্রতিবেশীসহ উপস্থিত সবাই।গতকাল রোববার সাহারার বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনহারা তিন ভাইবোন আকলিমা, তাছলিমা ও সোহাগকে প্রতিবেশীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু শোক যেন বাধা মানছিল না। আকলিমা বিলাপ করছেন ‘মা-বাপেরে আল্লায় দুনিয়াত্তুন লই গেছে। অন আমরা কার কাছে যামু। কে আঙ্গোরে আশ্রয় দিব।’ আকলিমা প্রথম আলোকে জানান, তিনি স্বামীর সঙ্গে পুরান ঢাকায় আলাদা থাকতেন। তাঁর বাবা মকবুল ঢাকার ফুটপাতে সেলুনের কাজ করেন। একমাত্র ভাই সোহাগ বাবার সঙ্গেই থাকত। ঘটনার সময় গেন্ডারিয়ায় মামার কাছে থাকায় সে বেঁচে যায়। আরেক বোন তাছলিমা চট্টগ্রামে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।আকলিমার ছোট মামা সাহাব উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের আগের দিন নিমতলীতে মেয়ে শারমিনের বাসায় বেড়াতে যান মকবুল ও সাহারা। ওই সময় বাসায় সাতজন ছিলেন। কেউই বাঁচতে পারেননি।মুড়ির বস্তার আড়ালে লুকিয়েছিলেন চাঁদপুরের রহিম: চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ জানান, জেলার সদর উপজেলার রহিম মোল্লা প্রায় ১৫ বছর ধরে নিমতলীতে মুদির ব্যবসা করছিলেন। নির্মম আগুনের শিখা থেকে বাঁচতে দোকানের চাল ও মুড়ির বস্তার আড়ালে লুকিয়ে প্রাণ বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত শুক্রবার রাত আটটার দিকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ আনা হয় তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ বালিয়া গ্রামে। রাতেই জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।রহিম মোল্লার মরদেহ আনতে ঢাকায় গিয়েছিলেন প্রতিবেশী মিজানুর রহমান। রহিমের দোকানের দুই কর্মচারীর বরাত দিয়ে তিনি জানান, দোকান থেকে মাত্র কয়েক গজ দূরেই বিকট শব্দে ট্রান্সফর্মারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নামাজ পড়তে যাওয়ায় কর্মচারী দুজন বেঁচে যান। গভীর রাতে চাল-মুড়ির বস্তার আড়াল থেকে রহিমের মরদেহ উদ্ধার করা হয়। মনে হয়েছে, প্রাণ বাঁচাতে নিরুপায় রহিম বস্তার আড়ালে লুকানোর চেষ্টা করেন।