এক কাব্যিক সন্ধ্যা
‘কন্দরে কন্দরে নিনাদিত শব্দে, আমি এখন কথা বলতে চাই...আমাকে পথ করে দাও।’ কবিতা পাঠের আগে এই বলে কবি যেন তাঁর নিজের পথ করে নিলেন। ভরাট কণ্ঠস্বর, উচ্চারণের সুস্পষ্টতা, আর কবিতার নান্দনিকতা তো আছেই। শ্রোতারা কান পেতে রইলেন কবিকণ্ঠে কবিতা পাঠের আসরে।গতকাল বুধবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা কালি ও কলম-এর আয়োজনে হয়ে গেলে কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্বরচিত কবিতা পাঠের আসর। ‘কবিতায় প্রণীত জীবন’ নামে তাদের কবিতা কথন পর্যায়ের এটি ছিল চতুর্থ অনুষ্ঠান। কবি তাঁর গত ৬০ বছরের কাব্যসম্ভার থেকে নানা কবিতা তুলে এনে আবৃত্তি করে শোনান শ্রোতাদের। শুরুতে স্বাগত বক্তব্য দেন পত্রিকার সম্পাদক আবুল হাসনাত। এরপর সম্পাদকমণ্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী ‘আমারও পরান কোথা যায়’ গানটি পরিবেশন করেন। নিজের ভেতরে লুকিয়ে রাখা বেদনার কথা দিয়ে শুরু করেছিলেন কবি। ‘দেশভাগ আমাকে রক্তাক্ত করে দিয়ে যায়।’ সেই ছোট্টবেলায় নিজের প্রিয় দুই বন্ধু শ্যামল আর পরিমলের গল্প বলেন। এক সন্ধ্যায় একসঙ্গে খেলে পরদিন ভোরে বন্ধুদের বাড়ি গিয়ে দেখেন, সেই বাড়িতে তালা। সেই মনোবেদনা থেকে কিশোরদের জন্য লিখেছিলেন, ‘পরিমলদের বাড়ি’ কবিতাটি। আবৃত্তি করেন, ‘শ্যামল..পরিমল../ আছড়ে পড়ে আমার ডাক, ভাঙে নদীর পাড়ই/ হঠাৎ দেখি তালাবন্ধ পরিমলদের বাড়ি।’ কবি আবার ফিরে যান ছেলেবেলায়। যখন কবি হয়ে ওঠার বাসনা জাগে, সেই সময়ে। আবৃত্তি করেন, ‘তাকিয়ে দেখি সেই ছবির দিকে/ এবং উচ্চারণ করে বলি, একদিন কবি হবে তুমি/ মানুষের শোক তোমাকে দীর্ঘজীবী করবে।’ কবি অকপটে বলেন, তাঁর বাবার যখন বয়স ৩৩, তখন মায়ের বয়স সাত বছর। আর সেই বয়সেই তাঁরা বিয়ে করেন। এই বিষয়টি নিয়ে লেখা থেকে আবৃত্তি করেন, ‘বালকেরা জন্ম নেয়/ বালিকারা জন্ম পেয়ে থাকে।’ কবি ফিরে যান পঞ্চাশের দশকের সাহিত্য আড্ডায়। স্মৃতি রোমন্থন করে লেখা কবিতা থেকে পাঠ করেন, ‘আবার মৃত্যুকে নেব, আবার জীবন/ প্রতিদিন জন্মদিন, মৃত্যুতিথি হবে।’ পাঠ করেন ‘পরানের গহীন ভিতর’সহ আরও নানা কবিতা। বাদ পড়েনি প্রেমের কবিতাও। পড়ে শোনান, ‘যে আমাকে ইচ্ছে করেছে, আমি তার/ যে আমাকে ইচ্ছে করেনি, আমি তাঁরও।’ কবিতা পাঠের আসরে কবিতার পাশাপাশি কবি প্রতিটি কবিতা তৈরির পেছনের গল্প বলেন। কথা আর পাঠে তিনি যেমন শ্রোতাদের ধরে রেখেছিলেন, তেমনি সেই সবের বিরতি আর মাঝে অসিত বিশ্বাসের এসরাজ বাদনে মোহিত হয়েছিলেন সবাই। কবির কণ্ঠে এই কবিতা পাঠের আসরে শ্রোতাদের অনেকেই ছিলেন কবি। পুরো সন্ধ্যাটি কাব্যিক হয়ে উঠেছিল।থিয়েটার ক্লাবের যাত্রা শুরু আজবাংলাদেশ শিল্পকলা একাডেমী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনকে জাতীয় নাট্যশালার একটি কক্ষ ‘থিয়েটার ক্লাবে’র জন্য বরাদ্দ দিয়েছে। আজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালার ৬১৪ নম্বর কক্ষে থিয়েটার ক্লাবের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। অনুষ্ঠানে নাট্যজন ও নাট্যামোদীরা উপস্থিত থাকবেন।আমাদের নৃত্যকলা ও আমাদের নাটকবাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নিয়মিত আয়োজন হিসেবে এ মাসের কর্মশালা অনুষ্ঠিত হবে আজ বিকেল চারটায়। জাতীয় নাট্যশালার ১ নম্বর মহড়াকক্ষে এই কর্মশালাটি হবে।