এক কিলোমিটার সড়কে ভোগান্তির শেষ নেই

সড়কের দুপাশে কোনো নালা নেই। পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকে দীর্ঘদিন। পানি জমে থাকায় পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছে। এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন যানবাহনের যাত্রীদেরও সমস্যা হচ্ছে।
এই করুণ অবস্থা শেরপুরের শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে খামারিয়াপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কের। দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না করায় সড়কের এ অবস্থা হয়েছে।এই এক কিলোমিটার পৌর শহরে পড়লেও সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন। সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সড়কের ওপর ধান ও কচুগাছ লাগিয়ে কিছুদিন আগে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। এরপরও কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি।
গত ৩০ আগস্ট সরেজমিনে দেখা যায়, সড়কের দুপাশে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্যগুদাম, টেলিকম (বিটিসিএল) ভবন, শহীদ মিনার, মথুরানাথ বিনোদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট ও বাসাবাড়ি অবস্থিত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটি শহরবাসীর কাছে ‘ভিআইপি রোড’ হিসেবে পরিচিত। এ সড়কের ওপর দিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর শুল্ক স্টেশন এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী থেকে প্রতিদিন পাঁচ শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। এ ছাড়া সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অসংখ্য হালকা যান এ সড়কে চলাচল করে। এর ফলে সড়কটির ওপর মানুষ আর যানবাহনের চাপ অনেক বেশি।
বছরের পর বছর সংস্কারকাজ না হওয়ায় সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে, সৃষ্টি হয়েছে গর্তের। চলতি বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে কাদাজলে একাকার হয়ে গেছে। সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির দুপাশে নালা (ড্রেন) না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে পৌরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।
মথুরানাথ বিনোদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আক্তার ও সালমা বেগম বলে, দীর্ঘদিন ধরে সড়কটি পানিতে ডুবে আছে। এ কারণে সড়কটি দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হয়। এমনকি অনেক সময় হাঁটু পর্যন্ত কাপড় ভিজিয়ে বাসায় ফিরতে হয়।
স্থানীয় সামাজিক সংগঠন শ্রীবরদী লোকাল ভয়েজের সভাপতি এ জেড এম রুমান বলেন, বড় বড় গর্তের কারণে সড়কের মাঝখানে প্রায়ই পণ্যবাহী ট্রাক, ট্রলি ও হালকা যানবাহন উল্টে পড়ে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।
শ্রীবরদী পৌরসভার মেয়র মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কারের জন্য তিনি এলজিইডি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীবরদীর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকেবলেন, ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে সড়কটির ৬০০ মিটার সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু বর্ষার কারণে কার্পেটিংয়ের ক্ষতি হতে পারে, এ আশঙ্কায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সড়কটির সংস্কারকাজ বন্ধ রয়েছে।