এক কিলোমিটার আগে চিড়িয়াখানাগামী যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের রাইনখোলায় গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনগামী যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পুলিশ বলেছে, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, দুপুরের দিকে পুলিশ চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনগামী (জাতীয় উদ্ভিদ উদ্যান) যাত্রীবাহী যান ঢাকা কমার্স কলেজসংলগ্ন চিড়িয়াখানা সড়কের রাইনখোলা এলাকায় আটকে দেয়। সেখান থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে বা রিকশায় করে দর্শনার্থীদের চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে যেতে হয়েছে। এতে তাঁরা ভোগান্তিতে পড়েন। এ সময় রাইনখোলা থেকে চিড়িয়াখানার সামনে পর্যন্ত বিপুলসংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

গতকাল সকালে পান্থপথে এক আবাসিক হোটেলে পুলিশের অভিযান চলাকালে সাইফুল ইসলাম নামের এক জঙ্গি ‘আত্মঘাতী’ হন।

জঙ্গি হামলার আশঙ্কায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে সন্ধ্যায় পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ প্রথম আলোকে বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যানবাহন চিড়িয়াখানার সামনে যেতে দেওয়া হয়নি। এসব যানবাহন রাইনখোলার মোড়ে থামিয়ে দেওয়া হয়। দর্শনার্থীদের চিড়িয়াখানা ও পাশের বোটানিক্যাল গার্ডেনে রিকশায় করে যেতে দেওয়া হয়েছে। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে নানামুখী তৎপরতার কারণে জনসাধারণের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশ রাইনখোলায় তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করেছে।