এক কিলোমিটার গর্তে ভরা, জনদুর্ভোগ চরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল-ফুলতলা ভায়া গোবরা সড়কের গোবরায় পানি জমে রয়েছে। এর মধ্য দিয়ে যান চলাচল অব্যাহত থাকায় দুর্ভোগ বেড়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নড়াইল-ফুলতলা ভায়া গোবরা সড়কের গোবরায় পানি জমে রয়েছে। এর মধ্য দিয়ে যান চলাচল অব্যাহত থাকায় দুর্ভোগ বেড়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নড়াইল-ফুলতলা ভায়া গোবরা সড়কের প্রায় এক কিলোমিটার অংশ ছোট-বড় অসংখ্য গর্তে ভরা। নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজ মোড় থেকে গোবরা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক বেহাল হয়ে পড়েছে। এর মধ্যে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করে যাত্রীবাহী বাস, পণ্যবোঝাই ট্রাক, নছিমন, করিমনসহ অন্যান্য যানবাহন। জনদুর্ভোগ চরম বেড়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অল্প বৃষ্টি হলেই গোবরা বাজার এলাকার সড়কের বেশির ভাগ তলিয়ে যায়। এর মধ্যেই বিভিন্ন যানবাহন চলাচল করে। এতে রাস্তাটিতে অসংখ্য গর্ত দিনে দিনে বড় হচ্ছে। এসব গর্তে পানি জমে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে গেছে। বিকল্প রাস্তা না থাকায় অনেকে চলতে গিয়ে গর্তে পড়ে আহত হয়েছেন। যানবাহনেও চলাচল করে ধীরগতিতে। বেশি দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীদের।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-ফুলতলা ভায়া গোবরা সড়কের দূরত্ব ২৮ কিলোমিটার। এর মধ্যে নড়াইল অংশে ২৬ এবং খুলনার ফুলতলা উপজেলা অংশে দুই কিলোমিটার পড়েছে। সড়কের বিভিন্ন অংশে ১৮টি কালভার্ট, গোবরা খালের ওপর ৫০ মিটার লম্বা একটি সেতু, গোবরা বাজারের পাশ দিয়ে এক কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ এবং খুলনার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ভৈরব নদের ওপর ফেরি স্থাপনে ১২০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

১৭ জুলাই সরেজমিনে দেখা গেছে, সড়কের গোবরা মিত্র কলেজ মোড় থেকে গোবরা বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্ত। এর মধ্যে বাজারের প্রবেশপথে প্রায় হাঁটুসমান পানি জমে আছে। এর মধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী যাতায়াত করছে। বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।

গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, কলেজ মোড় থেকে গোবরা বাস স্টপেজ পর্যন্ত রাস্তার অবস্থা এতটাই খারাপ, হাঁটতে গেলেও হোঁচট খেতে হয়। বৃষ্টি হলে কাদা পানিতে সয়লাব হয়ে যায়। তখন এ রাস্তা ধরে হাঁটলে পরনের পোশাকে কাদা ছিটকে নষ্ট হয়ে যায়। এ ছাড়া জলাবদ্ধতার কারণে তখন বোঝার উপায় থাকে না রাস্তার কোথায় গর্ত রয়েছে। বিশেষ করে বাজারের ভেতর ও মসজিদের পাশে প্রায়ই হাঁটুসমান পানি জমে। অনেক ছেলেমেয়ে এসব গর্তে পড়ে কাদামাখা অবস্থায় বিদ্যালয়ে আসে। তিনি বলেন, গত দুই মাসে ২২ থেকে ২৫ জন শিক্ষার্থী গর্তে পড়ে আহত হয়েছে।

জানতে চাইলে সওজ বিভাগের নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তাপসী দাশ বলেন, নড়াইল-ফুলতলা ভায়া গোবরা সড়কের বেশির ভাগ মেরামত করা হয়েছে। বাকি অংশটুকু মেরামতের জন্য ১২০ কোটি টাকার প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সাপেক্ষে সড়কের ওই অংশ মেরামত করা হবে।