এক কিলোমিটার দীর্ঘ আলপনা আঁকল শিশুরা

সবাই সুবিধাবঞ্চিত শিশু। তাদের বসবাস সিলেট নগরের বাগবাড়ী এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারে (এতিমখানা)। একঘেয়ে জীবনে বৈচিত্র্যমুখর তিনটি দিন কাটাল তারা। গত সোম থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের প্রাঙ্গণজুড়ে প্রায় এক কিলোমিটার পথ তাদের খুশিমতো আলপনা আঁকল।
সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের সহায়তায় শিশু পরিবারের ৪০ শিশুর অঙ্কন চিত্রের এক কিলোমিটার দীর্ঘ পথের আলপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনুর রহমান এক কিলোমিটার আলপনা উদ্বোধন করে বলেন, সুযোগ পেলে তারা যে ভালো ভালো কাজ করতে পারে, তার একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল আলপনার এই পথ।
সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপপরিচালক নিবাস রঞ্জন দাস বলেন, ভাষাশহীদ দিবস সামনে রেখে শিশু পরিবারের ১৫০ সদস্যের মধ্যে ৪০ জন শিশু আঁকিয়েকে চিহ্নিত করা হয়। এই ৪০ জন সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের কাছে আরেক দফা প্রশিক্ষণ নিয়ে গত সোমবার থেকে সড়কপথে আলপনা আঁকার কাজ শুরু করে। বুধবার বিকেলের মধ্যে এক কিলোমিটার আলপনা আঁকা হয়ে গেলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের একদল শিক্ষককে নিয়ে আলপনা আঁকার নির্দেশনায় ছিলেন চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন। এর আগে গত বছরের বিজয় দিবস সামনে রেখে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দেয়ালচিত্র করেছিলেন হিমনের নেতৃত্বে একদল চিত্রশিল্পী। ১৬২ ফুট দীর্ঘ আর ৬ ফুট প্রস্থের দেয়ালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের পোর্ট্রেট থেকে বঙ্গবন্ধু, পাঁচজন ভাষাশহীদ, সাতজন বীরশ্রেষ্ঠ ও পাঁচজন বুদ্ধিজীবীর পোর্ট্রেট স্থান পেয়েছে।
ভাষার মাসের দেয়ালচিত্র উদ্বোধন
সিলেট সিটি করপোরেশনের দৃষ্টিনন্দন বৃক্ষ লেন সড়কের দেয়ালে ভাষাশহীদ দিবস থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চিত্রের উদ্বোধন করা হয়েছে গতকাল সকালে। মীরের ময়দান এলাকার এ সড়ক বিভাজক কাটা গাছের ডাল দিয়ে তৈরি করায় দৃষ্টিনন্দন ছিল। ভাষার মাস উপলক্ষে মীরের ময়দান থেকে রিকাবীবাজার মোড় পর্যন্ত ডা. চঞ্চল সড়কের ডান দিকের পুরো দেয়ালে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুহূর্তগুলো রং-তুলিতে ফুটিয়ে তুলেছে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের চিত্রশিল্পীরা। সকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে ভাষার মাসের দেয়ালচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।