এক কিলোমিটার যেতেই দুই ঘণ্টা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার আমিনুল ইসলাম। গতকাল বুধবার সকালে বাড়ি থেকে বের হন। মামলার কাজে গাজীপুর আদালতে যাবেন। কিন্তু কোনাবাড়ী যাওয়ার আগেই তেলিচালা এলাকায় তাঁকে বহনকারী বাসটি যানজটে আটকা পড়ে। সোয়া দুই ঘণ্টা লেগে যায় কোনাবাড়ী পার হতে।
এটা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী এলাকার নিত্যকার চিত্র। অভিযোগ রয়েছে, কোনাবাড়ী এলাকায় হাইওয়ে পুলিশের থানা আছে। ওই থানার কর্মকর্তারা যানজট নিরসনে ঠিকমতো দায়িত্ব পালন করেন না। তাঁরা ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশির নামে চাঁদাবাজিতে ব্যস্ত থাকেন।
গতকাল রোববার দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় কথা হয় কোনাবাড়ী আমবাগ এলাকার ব্যবসায়ী মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, কোনাবাড়ীতে সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে অনেক দিন ধরে। কোনাবাড়ী এলাকায় নির্মিত হচ্ছে একটি উড়ালসড়ক। দুই পাশে যথেষ্ট জায়গা আছে। কিন্তু যাত্রীবাহী বাসগুলো রাস্তার ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো হয়। এতে যানজট বাড়ে। পুলিশ দায়িত্ব পালন করলেও তাদের কিছুই বলে না।
বেলা দুইটার দিকে কোনাবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, যানবাহনগুলো থেমে আছে। গাড়ির চাকা একটুও ঘুরছে না। লোকজন বিরক্ত হয়ে যানবাহন থেকে নেমে হেঁটে যার যার গন্তব্যে রওনা হয়েছে।
ট্রাকচালক মো. সফিউদ্দিন বলেন, কারখানার মালামাল নিয়ে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাবেন। কোনাবাড়ী কলেজের সামনে থেকে প্রায় এক কিলোমিটার যেতে সময় লেগেছে দুই ঘণ্টার মতো।
কোনাবাড়ী মাওনা হাইওয়ে থানার পুলিশ জানায়, সড়ক-মহাসড়কের যানজট, সড়ক দুর্ঘটনা ও পরিবহনের যেকোনো অরাজকতা ঠেকাতে কাজ করবে হাইওয়ে পুলিশ। গাজীপুরের বাইমাইল এলাকায় ‘মাওনা হাইওয়ে থানা’ করা হয়। সেখানে ২ জন পরিদর্শক, ৫ জন উপপরিদর্শক, ৩ জন সহকারী উপপরিদর্শক, ৩ জন এটিএসআই, ৩ জন সার্জেন্ট ও ৪১ জন কনস্টেবল নিয়োজিত করা হয়। প্রতিদিন তাঁদের শতাধিক মামলা করতে হয়। এ জন্য হাইওয়ে পুলিশ একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে শুধু মামলা করা নয়, যানবাহনে যেকোনো অপরাধ ঠেকাতেও কাজে লাগে। পুলিশের তল্লাশিচৌকি থাকলে যানবাহনে অপরাধও কমে যায়।
কোনাবাড়ী এলাকায় কাশিমপুর রোডের মোড়ে একজন ও কোনাবাড়ী বাজার এলাকায় একজন কনস্টেবলকে দায়িত্ব পালন করতে দেখা যায়। অন্য পুলিশ সদস্যরা বাইমাইল থানা, কালিয়াকৈর উপজেলার মৌচাক নূরবাগ, আনসার একাডেমি, চন্দ্রা ত্রিমোড় ও কবিরপুর এলাকায় কয়েটি দলে ভাগ হয়ে যানবাহন তল্লাশিতে ব্যস্ত থাকেন। এ সময় ওই পুলিশ সদস্যরা কাগজ তল্লাশির নামে চালকের কাছে টাকা দাবি করেন। যাঁরা টাকা দিতে অস্বীকার করেন, তাঁদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।
গাজীপুর শহর থেকে প্রতিদিন সাভারের জিরানী এলাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি করেন শহিদুল ইসলাম। তিনি বলেন, কয়েক দিন আগে কড্ডা এলাকায় যানজট থাকায় তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তার অন্য পাশ দিয়ে যাচ্ছিলেন। কোনাবাড়ী হাইওয়ে থানার এক পুলিশ সদস্য তাঁকে থামান। লাইসেন্স ও কাগজপত্র দেখতে চাইলে সবই তাঁকে দেখানো হয়। তারপরও তাঁর মোটরসাইকেলের চাবি নিয়ে নেওয়া হয়। পরে ২০০ টাকা দিয়ে চাবি ফেরত পান।
গাজীপুর জেলা পুলিশের এক সদস্য বলেন, হাইওয়ে পুলিশের কাজ সড়কের যানজট নিরসন করা। কিন্তু তা না করে তারা যানবাহনে তল্লাশির নামে চাঁদাবাজি করছে। এতে পুলিশেরই বদনাম হচ্ছে।
কোনাবাড়ী এলাকার মাওনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, যানজট নিরসনে পুলিশের চেষ্টা সব সময় অব্যাহত আছে। কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।