এক কিলোমিটার সড়কের জন্য ঘুরতে হয় ৪৫ কিলোমিটার
সগুনা-কড্ডার মোড় সড়কের এক কিলোমিটার রাস্তা পাকা না করায় সিরাজগঞ্জের তিনটি উপজেলার ৫০টি গ্রামের মানুষকে প্রায় ৪৫ কিলোমিটার পথ ঘুরে জেলা সদরে যাতায়াত করতে হয়।সরেজমিনে দেখা গেছে, বেলকুচি উপজেলার সগুনা চারমাথা থেকে সিরাজগঞ্জের কড্ডার মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের সগুনা থেকে সেলবড়িষা গ্রাম পর্যন্ত এক কিলোমিটার অংশ কাঁচা। এই কাঁচা রাস্তাটুকু খানাখন্দে ভরা থাকায় রিকশাভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না। স্থানীয় শংকরহাটি গ্রামের স্কুলশিক্ষক বাঞ্ছারাম সরকার এবং চৌবাড়ী গ্রামের স্বপন খান জানান, এই পথ দিয়ে উল্লাপাড়া, বেলকুচি ও কামারখন্দ উপজেলার অন্তত ৫০টি গ্রামের কয়েক লাখ মানুষ যাতায়াত করে। এর মধ্যে রয়েছে উল্লাপাড়ার হাড়িভাঙ্গা, দিয়ারপাড়া, গোপিনাথপুর, শ্রীবাড়ী, গোবিন্দপুর, সলপ, কাজীপাড়া, রামগাতী, কালিপুর ও আটবাকী এবং বেলকুচির সগুনা, চর সগুনা, মবুপুর, মেটিন, চর মেটিন, তালুকদারপাড়া, যোগনালা, চর যোগনাল, সোনামুখী, খাস সোনামুখী ও বানিয়াগাতী এবং কামারখন্দের সেলবড়িষা, বলরামপুর, ধলেশ্বর, চৌবাড়ী, রায়দৌলতপুর, গোয়ালপাড়া রায়দৌতলপুর, রসুলপুর ইত্যাদি গ্রাম। একই সঙ্গে এই পথে পাঁচ-ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত এক হাজার ছাত্রছাত্রী যাতায়াত করে। স্থানীয় গোবিন্দপুরের মোজাম্মেল হক, সেলবড়িষার আবদুল হামিদ, যোগনালার আবদুল হাই, সগুনার আবুল কালামসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁরা এই এক কিলোমিটার অংশ পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বহুবার আবেদন করলেও কোনো কাজ হচ্ছে না। অথচ এলাকার লোকজনকে প্রতিদিন উল্লাপাড়া উপজেলা সদর ও হাটিকুমরুল গোলচত্বর হয়ে অন্তত ৪৫ কিলোমিটার পথ ঘুরে সিরাজগঞ্জ জেলা সদর ও বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে যেতে হয়। আর এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ এই অংশটুকু পাকা করা হলে জেলা সদরের দূরত্ব হবে আট থেকে ১০ কিলোমিটার।বেলকুচি উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নুর মোহাম্মদ বলেন, ‘এই অংশটুকু পাকা করার জন্য অনেক আগেই একটি প্রাক্কলন তৈরি করে এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। চলতি অর্থবছরেই রাস্তাটির অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছি। অনুমোদন পেলে দ্রুত রাস্তা পাকা করার কাজ শুরু হবে।’