এক কিলোমিটারে আট ইটভাটা, ভোগান্তি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক কিলোমিটারের মধ্যে আটটি ইটভাটা স্থাপন করা হয়েছে। আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারের পাশে এগুলো নির্মাণ করায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ ছাড়া এলাকার সড়কে ভাটার মাটি আনা ও ইট পরিবহনের কাজে ব্যবহূত ট্রাক চলাচলের সময় ধুলা ও বালু উড়ে আসায় পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলা সদর থেকে এক কিলোমিটার দূরে খলিশাকান্দি, জোকা ও দুরুলিয়া গ্রামে এই আটটি ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ভাটার পাশেই দুবলাগাড়ি ডিগ্রি কলেজ, শাজাহানপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, দুরুলিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি দাখিল মাদ্রাসা রয়েছে। এলাকাবাসী এসব ভাটা সরানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও কাজ হচ্ছে না।গত বছরের এপ্রিল মাসে প্রথম আলোতে এই এলাকায় স্থাপিত ছয়টি ভাটা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তর থেকে ভাটা সরানোর জন্য নোটিশ দেওয়া হয়। ভাটার মালিকেরা এ ব্যাপারে বগুড়া জেলা জজ আদালতে মামলা করলে আদালত পরিবেশ অধিদপ্তরকে কারণ দর্শাও নোটিশ ও ভাটা উচ্ছেদের বিষয়ে স্থগিতাদেশ দেন। আদালতের অনুমতি নিয়ে মালিকেরা ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।ইটভাটা সরানোর বিষয়ে আন্দোলন চললেও গত বছর খলিশাকান্দিতে জেবিএফ নামে আরও একটি জিকজ্যাক (পরিবেশবান্ধব) ভাটার অনুমোদন দেওয়া হয়েছে। সেই ভাটার নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। এলজিপি-২ নামে আরও একটি জিকজ্যাক ভাটার কাজ চলছে।সরেজমিনে খলিশাকান্দি, দুরুলিয়া ও জোকা গ্রামে দেখা গেছে, ভাটাগুলোর পাশের জমির ফসল, বাঁশঝাড়, গাছপালায় ধুলার আস্তর পড়েছে। জোকা গ্রামের আবদুর রশিদ জানান, ভাটার মাটি ও ইট পরিবহনের কাজে ব্যবহূত ট্রাক সড়ক দিয়ে চলাচল করায় তাঁদের বেশি সমস্যা হচ্ছে। ট্রাক চলাচল করার সময় ধুলা ও বালু উড়ে বসতবাড়িতে ঢুকে। একই কারণে সড়ক দিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা দুর্ভোগ পোহায়।ইট পোড়ানো আইনে উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশন, আবাসিক এলাকা ও ফলের বাগানের তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করার লাইসেন্স দেওয়া যাবে না। ইট পোড়ানো আইনের এই ধারা কার্যকর হওয়ার পর আগে ভাটা স্থাপিত হয়ে থাকলে তা স্থানান্তর করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ভাটার লাইসেন্স বাতিল হয়ে যাবে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, প্রশাসনের লোকজন সরকারি নিয়ম লঙ্ঘন করে জনবহুল এলাকায় ইটভাটা করার অনুমতি দিয়েছে। দুবলাগাড়ি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র কবির হাসান জানান, সড়ক দিয়ে হাঁটার সময় ধুলা-বালু নাক ও মুখে চলে যায়। জোকা গ্রামের কৃষক আজাহার আলী জানান, ভাটার কারণে তাদের জমিতে ফসল হচ্ছে না।খলিশাকান্দির এসবিএফ ব্রিকসের অংশীদার আকরাম হোসেন বলেন, ‘বহু টাকা বিনিয়োগ করা হয়েছে ইটভাটায়। পরিবেশ অধিদপ্তরের এক নোটিশে ভাটা সরানো যায় না। যে কারণে আমরা আদালতে গিয়ে ভাটা উচ্ছেদের স্থগিতাদেশ চেয়েছি। আদালত আমাদের কাজ চালিয়ে যাবার নির্দেশ দিয়েছে।’পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ বলেন, ইটভাটা উচ্ছেদের বিষয়ে আদালতের স্থগিতাদেশ থাকায় তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারছেন না।