এক কিলোমিটারে তিন সাঁকো ২০ হাজার মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর-ফতেপুর সড়কের তিন কিলোমিটার পাকা না হওয়ায় ১৫ গ্রামের ২০ হাজার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপরন্তু এর মধ্যে এক কিলোমিটারে তিনটি বাঁশের সাঁকো থাকায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মান্দা উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মান্দার প্রাসাদপুর-ফতেপুর সড়কের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এর মধ্যে কয়েক বছর আগে নয় কিলোমিটার সড়ক পাকাকরণ হয়েছে। জোকাহাট থেকে তিন কিলোমিটার সড়ক পাকা করা হয়নি। এর মধ্যে আবার দুই কিলোমিটার চলাচলের যোগ্য হলেও শেষের নহলাকালুপাড়া গ্রাম থেকে শাহানাপাড়া মাদ্রাসা পর্যন্ত এক কিলোমিটার সড়ক তিন বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। ২০১০ সালের বন্যায় এ এক কিলোমিটার রাস্তা এবং এ অংশে নির্মিত দুটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন চলাচলের সুবিধার জন্য ক্ষতিগ্রস্ত কালভার্ট দুটির স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করেন। এ ছাড়া এ অংশের শাহানাপাড়ায় আরও একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজশাহীর বাগমারার সোনাডাঙ্গা, মান্দার বিষ্ণুপুর ও আত্রাইয়ের কালুপাড়া ইউনিয়নের লোকজনের ব্যবসাকেন্দ্র মান্দার ফতেপুর বাজার। এ বাজারে আসতে ওই তিন এলাকার ১৫ গ্রামের মানুষ সড়কটি ব্যবহার করেন। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার ফতেপুরে হাট বসে। এ কারণে কৃষকেরাও তাঁদের উৎপাদিত ফসল নিয়ে এবং প্রয়োজনীয় কেনাকাটার জন্য ফতেপুরে আসেন। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, তিন কিলোমিটার সড়কের কারণে লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি সড়কটি নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তিনি আরও জানান, ফতেপুরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তিন উপজেলার ওই ১৫ গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য এ সড়ক দিয়ে ফতেপুরে যেতে হয়। ফতেপুর গ্রামের ব্যবসায়ী আজিজুল ইসলাম জানান, সড়কটির দুরবস্থার কারণে মান্দার নহলাকালুপাড়া, কর্নভাগ, শহরবাড়ি, কয়লাবাড়ি, জোকাহাট, চকরামপুর, দুর্গাপুর, ফতেপুর, আবিদ্যপাড়া, হাটকালুপাড়া, পারশিমলা, জামালপুর; বাগমারার সোনাডাঙ্গা, হাজীপাড়া ও আত্রাইয়ের বিষ্ণুপুর গ্রামের কমপক্ষে ২০ হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহান।মান্দা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম রাস্তা ও কালভার্টের বেহাল অবস্থার কথা স্বীকার করে জানান, স্থানীয় সাংসদ যেসব রাস্তার উন্নয়নের ব্যাপারে চাহিদাপত্র (ডিও লেটার) দেন, কেবল ওইসব রাস্তার নির্মাণের প্রকল্প তৈরি করে প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়। তবে এ সড়কটির বিষয়ে সাংসদ এখনো চাহিদাপত্র দেননি। এ বিষয়ে সাংসদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।