এক কিলোমিটারের কাজ এখনো শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এক কিলোমিটারে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টি এলে পথচারীদের দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। গতকাল দুপুরে মাদারীপুর শহরের পুরাতন কোর্টের মোড় থেকে তোলা ছবি l প্রথম আলো
মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এক কিলোমিটারে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টি এলে পথচারীদের দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। গতকাল দুপুরে মাদারীপুর শহরের পুরাতন কোর্টের মোড় থেকে তোলা ছবি l প্রথম আলো

মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর অংশের ১১ কিলোমিটারে চার লেন, তিন লেন ও দুই লেনের কাজ গত মাসে শেষ হওয়ার কথা ছিল। এর এক কিলোমিটারে তিন লেনের কাজ এখনো শুরুই হয়নি। সেখানে খানাখন্দে বৃষ্টির পানি জমে আছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আওতায় ৮২ কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক এ মহাসড়কের ১১ কিলোমিটারে চার লেন, তিন লেন ও দুই লেনের কাজ ২০১৫ সালের ডিসেম্বরে শুরু হয়। এর মধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর থেকে ডিসি ব্রিজ পর্যন্ত সাত কিলোমিটার চার লেন, সেখান থেকে চৌরাস্তা পর্যন্ত এক কিলোমিটার তিন লেন এবং চৌরাস্তা থেকে খোয়াজপুর পর্যন্ত চার কিলোমিটার দুই লেন করার কাজ। মহাসড়কটির বেশির ভাগ অংশের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তবে ডিসির ব্রিজ থেকে চৌরাস্তা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার অংশের পুরাতন কোর্ট মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত প্রায় ২০০ মিটার এলাকার ইট তোলা হয়েছে। তাই এ এলাকায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থান দেবে গেছে।

সরেজমিনে দেখা গেছে, খানাখন্দে বৃষ্টির পানি জমে আছে। পিচ নেই বললেই চলে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কাদা মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কামরুল হাসান নামের একজন ট্রাকচালক প্রথম আলোকে বলেন, আঞ্চলিক এই মহাসড়কের অবস্থা তুলনামূলক ভালো। তবে এক থেকে দেড় কিলোমিটার যেন মরণ ফাঁদ। পাশ কাটাতে গেলেই গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। ধীর গতিতে ভয়ে ভয়ে ট্রাক চালাতে হয়।

তরিকুল ইসলাম নামের একজন পথচারী বলেন, এই অংশ পাড়ি দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। বেশির ভাগ পথই খানাখন্দে ভরা। বৃষ্টির দিনে এই পথে যাতায়াত করলে কাদাপানি ছিটকে গায়ে লাগে। এতে প্রায়ই পোশাক নষ্ট হয়ে যায়।

মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সদস্য ইয়াকুব খান বলেন, মাদারীপুরে চার লেন ও দুই লেনের কাজ চলার বিপরীতে ভোগান্তির শেষ নেই। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। এখন বৃষ্টির অজুহাত দেখানো হচ্ছে। এই অংশে দ্রুত কাজ শেষ না হলে বৃষ্টির দিনে জনদুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যাবে।

জানতে চাইলে সওজ বিভাগের মাদারীপুর কার্যালয়ের উপপ্রকৌশলী মো. তামিনুর হক বলেন, ইতিমধ্যে আঞ্চলিক এই মহাসড়ক নির্মাণের কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। ডিসি ব্রিজ থেকে চৌরাস্তা পর্যন্ত ৩৬ ফুট অর্থাৎ তিন লেন সড়কের কাজ পেয়েছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের বলা হয়েছে, যেন মানুষকে দুর্ভোগে ফেলা না হয়। কাদা ও খানাখন্দের কারণে জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, জেলার উন্নয়নের জন্য ছোট-বড় কিছু সমস্যায় জনসাধারণকে পড়তে হতে পারে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সের পরিচালক ইউনূস উকিল বলেন, ‘রাস্তায় কাদা ও খানাখন্দ কমাতে বৃষ্টি পুরোপুরি থামলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃষ্টির কারণে কিছু কাজ থেমে থেমে হচ্ছে। আমাদের পক্ষে যতটুকু মেরামত করা সম্ভব, আমরা চেষ্টা করছি।’