এক কিলোমিটারের জন্য যত ভোগান্তি
‘একে তো আঠালে মাটি। তারপর সামান্য বৃষ্টি নামলি কাদা হয়ে যায়। এহেনদে (এখান দিয়ে) হাঁটে যাওয়া যায় না। পা পিছলে কাদার মধ্যি পত্তি (পড়তে) হয়। বিলিরতে (জমি থেকে) ধান কাটে মাথায় ওরে এর মধ্যি দিয়েই আমাগে চলা-চলতি কত্তি হচ্ছে। যাগে গাড়ি আছে (গরুর গাড়ি) তাগে কোনো অসুবিধা হচ্ছে না। পাকা কত্তি সামান্য একটু বাদ রইছে। এটুক পাকা করে দিলি আমাগে কষ্ট থায়ে না।’কথাগুলো নড়াইল সদর উপজেলার হাতিয়ারা গ্রামের নির্মল বিশ্বাসের। ভাঙ্গুরা-তুলারামপুর ভায়া বাকড়ি সড়কের এক কিলোমিটার পাকা না হওয়ায় এ মন্তব্য করেন তিনি। সড়কটির ওই অংশ পাকা না হওয়ায় কাদাপানির কারণে নির্মল বিশ্বাসের মতো এলাকার কয়েক শ মানুষ ভোগান্তি পোহায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিন এ এলাকার কমপক্ষে এক হাজার মানুষ নানা কাজে এ সড়ক দিয়ে উপজেলা সদর, যশোর ও নড়াইল জেলা সদরে যাতায়াত করে। সরেজমিনে দেখা গেছে, বাঘারপাড়া উপজেলা সদর থেকে বাকড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ সড়কের ভাঙ্গুরা থেকে বাকড়ি গ্রামের পূর্ব পাড়া পর্যন্ত আট কিলোমিটার রাস্তা পাকা হয়ে গেছে। কিন্তু পূর্ব পাড়া থেকে হাতিয়ারা মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা কাঁচা।এলাকাবাসী জানায়, বাঘারপাড়ার জামদিয়া এবং নড়াইল সদরের তুলারামপুর ও শেখহাটি ইউনিয়নের কেন্দ্রস্থল বাকড়ি গ্রাম। এখানে একটি মাধ্যমিক, একটি বালিকা ও দুটি প্রাথমিক বিদ্যালয় আছে। বাকড়ি, দোগাছি, বেনাহাট, ঘোড়ানাছ, কমলাপুর, রঘুনাথপুর, গোয়াখোলা, হাতিয়ারা, মান্দিরা গ্রামের ছেলেমেয়েরা যশোর ও নড়াইলে গিয়ে কলেজে ক্লাস করে। শুষ্ক মৌসুমে সড়কে ওই এক কিলোমিটার দিয়ে বাইসাইকেল-ভ্যান বা হেঁটে যাতায়াত করা যায়। কিন্তু বর্ষার সময় এসব এলাকার লোকজন ও শিক্ষার্থীদের দুর্ভোগের সীমা থাকে না। হাতিয়ারা গ্রামের রবিন বিশ্বাস জানান, গ্রামের এই রাস্তাটুকু পাকা করার জন্য দফায় দফায় মাপামাপি হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্কুলশিক্ষক স্বপন মল্লিক জানান, রাস্তা কাঁচা হওয়ায় বৃষ্টি হলে ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে না। উপজেলা প্রকৌশলী আবদুল মাজেদ বলেন, বাকড়ি এলাকার এক কিলোমিটার রাস্তা পাকা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।