এক কেজি ইলিশ দুই মণ ধানে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ছয় দিন পরই বাংলা নববর্ষ। আর পয়লা বৈশাখে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ খেতে চান সবাই। কিন্তু স্বাদের সেই ইলিশের দাম এখন আকাশছোঁয়া। নওগাঁর ধামইরহাট উপজেলায় বিভিন্ন হাটবাজারে এখন দুই মণ ধানের দাম দিয়ে কিনতে হচ্ছে এক কেজি ইলিশ। ধামইরহাট পৌর বাজারসহ বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি ইলিশ ৯০০ থেকে এক হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ধামইরহাটে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬৫০ টাকায়। ইলিশের এই অগ্নিমূল্যে ক্ষোভ জানিয়েছেন অনেকে। বেশি ক্ষোভ কৃষকদের। গতকাল রোববারের হাটে ইলিশের চড়া দাম দেখে কৃষক ইসমাইল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পয়লা বৈশাখ এলে আমার মতো কৃষকের আনন্দ নেই। কারণ, দুই মণ ধান বিক্রি করে এক কেজি ইলিশ খাওয়ার সামর্থ্য নেই।’ এ অঞ্চলের মানুষ পয়লা বৈশাখে বাধ্য হয়ে জাটকা খেয়ে রুপালি ইলিশের স্বাদ মেটাবে বলে অনেকে মনে করছেন। তবে পৌরসভার বাসিন্দা ও শিক্ষক ছানাউল ইসলাম বলেন, বৈশাখ মাসে ইলিশ মাছের দাম একটু বেশি কিন্তু পান্তা ভাতে ইলিশ ছাড়া কী চলে।