এক কেজি চালের দামে এক মণ মুলা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক কেজি চালের দামে এক মণ মুলা পাওয়া যাচ্ছে। অন্য বছরের তুলনায় এবার মুলার উৎপাদন বেশি হলেও ক্রেতা না থাকায় দাম পড়ে গেছে বলে জানান কৃষকেরা।
আশ্বিন থেকে কার্তিক মাসে সাধারণত মুলার চাষ হয়। এবার দুই মাস আগে বন্যার পানি নেমে যাওয়ার পর ফুলবাড়ী উপজেলার কৃষকেরা জমিতে মুলার চাষ করেছিলেন। ১৫ দিন আগে মুলা তুলতে শুরু করেন তাঁরা। আগাম আবাদে দাম বেশি পাওয়া যাবে বলে আশা করেছিলেন; কিন্তু তা হয়নি।
ফুলবাড়ী সদর ইউনিয়নের চাঁদেরহাট ও কালীহাট এলাকার কয়েকজন কৃষক বলেন, বাজারে মুলার চাহিদা তেমন নেই। জমি থেকে মুলা তুলতে একজন শ্রমিককে ২০০ টাকা দিতে হয়। আর বাজারে প্রতি মণ মুলা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে, যা এক কেজি চালের মূল্যের সমান। অনেকেই মুলা বিক্রি করতে না পেরে সেগুলো গরু-ছাগলকে খাওয়াচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, উপজেলা সদরে কৃষকেরা আগাম আবাদ করে কিছুটা দাম পেয়েছেন। উপজেলার বাইরে দাম আরও কম।