এক কেজি মুলার দাম ৭৫ পয়সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে পানির দরে বিক্রি হচ্ছে মুলা। চার মণ মুলা বিক্রি করে এক কেজি সয়াবিন তেলের দাম হচ্ছে। পাইকারি বাজারে প্রতি মণ মুলা বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়।
ডাঙ্গাপাড়া গ্রামের মুলাচাষি আনছার হোসেন জানান, দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আগে মুলা বেচতে পারেননি। এখন বিক্রি শুরু করলেও বাজারে দাম নেই।
উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৮০ একর জমিতে মুলার চাষ হয়েছে। গতকাল শনিবার ইকরচালী ও শুক্রবার তারাগঞ্জ হাটের পাইকারি সবজির বাজারে ৩০-৩৫ টাকা মণ দরে মুলা বিক্রি করতে দেখা গেছে।
ইকরচালী হাটে মুলা বিক্রি করতে আসা বারাতি গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, ৩০ শতক জমিতে মুলা চাষ করতে সব মিলিয়ে তাঁর খরচ হয় তিন হাজার ৫০০ টাকা। তিনি ৪০ মণ মুলা পান। বর্তমানে প্রতি মণ মুলার বাজারদর ৩০-৩৫ টাকা। ৩৫ টাকা মণ হিসাবে ৪০ মণ মুলার দাম এক হাজার ৪০০ টাকা। এতে ৩০ শতকে মুলা চাষ করে এবার তাঁকে দুই হাজার ১০০ টাকা লোকসান গুনতে হয়েছে। গত বছর লাভ করেছিলেন ১৪ হাজার টাকা।