মোট ভোটার এক হাজার ৯৫৭। সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর থেকে বেলা ১১টার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয় ২৯৩টি। দুপুর ১২টায় ভোট পড়ে ৫৫০টি। অর্থাৎ এক ঘণ্টায় পড়ে ২০৭টি ভোট।
গতকাল রোববার জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের দোহার উপজেলার ছকেত আলী মুন্সি ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে এমন ভোট পড়ে।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রাকিবুল হোসেন বলেন, ওই সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। এই আসনের বেশির ভাগ কেন্দ্রে প্রায় সারা দিনই কমসংখ্যক ভোটার থাকলেও ছতেক আলী মুন্সি ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের মতো ভোট পড়ার ঘটনাও আছে। যেমন নবাবগঞ্জের কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৪৬৪ ভোটের মধ্যে বেলা দুইটা পর্যন্ত পড়ে ৮৬৭টি ভোট।
দুপুর সোয়া ১২টায় দোহারের বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোটার পাওয়া যায়নি। বেলা সোয়া একটায় মারুরাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটজন নারী ভোটার পাওয়া যায়।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। তাঁরা কামারখোলা, মরিচপট্টি, গোবিন্দপুর, মুন্সিনগরসহ বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত কিছু ভোটারের পক্ষে ভোট দিয়ে দেন। এ বিষয়ে কয়েকজন সাংবাদিক তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা সরে যান। দুপুরে এসব কেন্দ্রে নৌকা প্রতীকের কোনো পোলিং এজেন্ট ছিলেন না। এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা বিষয়টি দেখবেন বলে জানান।