এক কেন্দ্রে এক পরীক্ষার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসিতে গতকাল শনিবার ছিল কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের পরীক্ষা। কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা এলাকার ইস্পাহানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই বিষয়ে পরীক্ষার্থী ছিল মাত্র একজন।

রাজ সরকার নামের ওই পরীক্ষার্থী উপজেলার গোয়ালখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্র।

ইস্পাহানী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সহকারী কেন্দ্রসচিব রিয়াজুল ইসলাম বলেন, এই কেন্দ্রে উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গতকাল কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ে পুরো কেন্দ্রে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। তিনি বলেন, পরীক্ষার্থী একজন হলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য তাঁদের প্রতিদিনের মতো ব্যস্ত থাকতে হয়েছে। পুলিশসহ বিদ্যালয়ের প্রহরীরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

হল পরিদর্শক ও ইস্পাহানী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলাউদ্দিন জানান, গতকাল সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। তিনি বলেন, কক্ষে পরীক্ষার্থী একজন থাকলেও তাঁকে প্রতিদিনের মতো ব্যস্ত থাকতে হয়েছে।

পরীক্ষা দিয়ে বের হওয়ার পর কথা হয় পরীক্ষার্থী রাজ সরকারের সঙ্গে। সে বলল, ‘এর আগে আমাদের পরীক্ষার হলে ৩০-৩৫ জন পরীক্ষার্থী ছিল। আজ পুরো হলে আমি একাই পরীক্ষায় অংশ নিয়েছি। প্রথমে একটু ভয় কাজ করছে। পরীক্ষা শুরু হওয়ার পর আর ভয় পাইনি। প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়েছি।’