নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় গতকাল বুধবার একটি কেন্দ্রে দুই দফায় ককটেল হামলা ও অপর একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা দেড়টার দিকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন ভোটকেন্দ্রে পাঁচ-সাতটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে রাসেল মিয়া, রুবেল মিয়া, সুমন মিয়া, রফিক মিয়াসহ কমপক্ষে ১০ জন আহত হন। বেলা সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা আবার ওই কেন্দ্রে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান।
বেলা তিনটায় সাহাপুর ইসলামিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে সিলসহ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে কিছু সন্ত্রাসী। একপর্যায়ে জাল ভোট দেওয়ার সময় নয়জনকে গ্রেপ্তার করেন ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের প্রভাব বিস্তার ও তাঁদের পছন্দের প্রার্থীদের জেতানোর লক্ষ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে।