এক কেন্দ্রে ধানের শীষ একটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে বিএনপির প্রার্থী ও ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের ভরাডুবি হয়েছে। তিনি ওই ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র ১টি ভোট পেয়েছেন। আর গোটা ইউনিয়নে পেয়েছেন ২৯৯ ভোট।
ইউনিয়নে আওয়ামী লীগের সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. মোশারুল ইসলাম সরকার নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আমিনুর রহমান পেয়েছেন ২ হাজার ৪৮৫ ভোট। ৭ মে চতুর্থ ধাপে সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট হয়।
আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮০১। ভোট পড়েছে ৭৫০টি। আর ওই ভোটের মধ্যে নৌকা প্রতীক ৬৬৭, ঘোড়া প্রতীক ৭৬ ও ধানের শীষ প্রতীক ১ ভোট পেয়েছে ।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে ৫১ সদস্য নিয়ে ওয়ার্ড বিএনপির কমিটি রয়েছে। এ ছাড়া সেখানে যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অন্য সহযোগী সংগঠনের কমিটি রয়েছে। সব মিলিয়ে এসব সহযোগী সংগঠনের কমিটিতে ২০০ থেকে ৩০০ নেতা রয়েছেন। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে রয়েছেন বিএনপির অনেক সমর্থক। কিন্তু তাঁদের মধ্যে মাত্র একজন ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন।
এ বিষয়ে বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচন করিনি। নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলাম।’
রাজাগাঁও ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মাত্র ১টি ভোট পড়ার কথা শুনে বিস্মিত হন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ।
আবদুল হামিদ বলেন, এমনটি হওয়ার কথা নয়। তবুও রাজাগাঁওয়ে আসলে কী ঘটেছে, তা যাচাই করা হবে। বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।