এক কেন্দ্রে ৬০ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় লালমনিরহাটের নেছারিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ৭৪ জন ফাজিল পরীক্ষার্থীর মধ্যে ৬০ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষার সময় তাঁদের বহিষ্কার করা হয়।


বহিষ্কৃতদের মধ্যে লালমনিরহাট পৌরসভার নেছারিয়া কামিল মাদ্রাসার ৩০, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা মোস্তাক আহম্মেদ ফাজিল মাদ্রাসার ১৭, একই উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ ফাজিল মাদ্রাসার ৮ এবং আদিতমারী উপজেলার দক্ষিণ বালাপাড়া ফাজিল মাদ্রাসার ৫ পরীক্ষার্থী আছেন।

পরীক্ষার কেন্দ্রসচিব ও লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আজ সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষাটি বেলা একটায় শেষ হয়। পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টায় পরীক্ষা কেন্দ্রের ১ ও ২ নম্বর কক্ষের পরীক্ষার্থীদের মধ্যে ৬০ জনকে বহিষ্কার করা হয়। নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজা আবদুল হাই তাঁদের বহিষ্কার করেন।
জানতে চাইলে রাজা আবদুল হাই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।