এক কোটি টাকা করে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১৫৩ শিক্ষার্থী ভর্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ না করায় বেসরকারি ১০টি মেডিকেল কলেজকে এক কোটি টাকা করে জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত। ১০ দিনের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।
এ বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপিলের অনুমতি চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ কয়েক দফা নির্দেশনাসহ এ আদেশ দেন।
আদেশে আদালত জরিমানার অর্ধেক অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে বলেছেন। এই অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় স্থায়ী সঞ্চয় (ফিক্সড ডিপোজিট) করবে। এ সঞ্চয় থেকে আসা মুনাফা দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ অর্থের ওপর ভ্যাট-চার্জ আরোপ না করতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছেন আদালত। জরিমানার বাকি অর্ধেক অর্থ ন্যাশনাল লিভার ফাউন্ডেশন ও কিডনি ফাউন্ডেশনে জমা করতে ওই মেডিকেল কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই ১০ বেসরকারি মেডিকেল কলেজ হলো এম এইচ শমরিতা মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ, নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, তাইরুন নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ ও আশিয়ান মেডিকেল কলেজ।
জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১৫৩ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, এই অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এক সভায় ২০১৪-১৫ শিক্ষার্বষে মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১২০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির এবং ভর্তির লিখিত পরীক্ষায় ৪০ নম্বর পেতে হবে বলে সিদ্ধান্ত হয়। ভর্তিতে ওই শর্ত পূরণ না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ওই শিক্ষাবর্ষে ১০টি বেসরকারি মেডিকেল কলেজের ১৫৩ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রথম পর্বের (ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন) প্রবেশপত্র দেওয়া থেকে বিরত থাকে। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ১৫৩ শিক্ষার্থী। এর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ চলতি বছরের ১৩ জুন রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। হাইকোর্ট রিট আবেদনকারী শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিতে নির্দেশ দেন।
ওই আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুনানি নিয়ে ৮ আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। ১০ আগস্ট শুনানিকালে আপিল বিভাগ ১০ বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে ২১ আগস্টের মধ্যে কারণ দর্শাতে বলেন। গতকাল শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টে করা রিট আবেদনটিও নিষ্পত্তি করেন।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন। ১০ বেসরকারি মেডিকেল কলেজের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ রেজা সোবহান, সঙ্গে ছিলেন আইনজীবী সাইফুল করিম। শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার এবং এ জে মোহাম্মদ আলী।
কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে কলেজগুলোর পক্ষ থেকে তুলে ধরা বক্তব্য আদালত গ্রহণ করেননি বলে জানান আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, রোববার থেকে ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ওই ১০টি বেসরকারি মেডিকেলের ১৫৩ শিক্ষার্থীর ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে, অন্যদের ক্ষেত্রে নয়।