এক কোটি ৩০ লাখ টাকার কাজের শিডিউল বিক্রি বন্ধ
বরগুনার পাথরঘাটা পৌরসভার এক কোটি ৩০ লাখ টাকার ১৭টি উন্নয়নমূলক কাজের শিডিউল বিক্রির শেষ দিন আজ সোমবার। কিন্তু ছয় দিন ধরে কোনো শিডিউল বিক্রি করা হচ্ছে না। পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সমর্থক ঠিকাদারেরা কাজগুলো ভাগাভাগি করে নেওয়ায় শিডিউল বিক্রি বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌরসভার প্রকৌশলী মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অনেকেই শিডিউলের ফরম না পেয়ে আমার কাছে অভিযোগ করেছেন। আমি তাঁদের নিয়মানুযায়ী আবেদন করে পৌর কার্যালয় থেকে নিতে অনুরোধ করেছি। তার পরও তাঁরা ফরম পাননি বলে শুনেছি।’
পাথরঘাটা পৌরসভা কার্যালয় ও স্থানীয় ঠিকাদার সূত্রে জানা গেছে, গত ১৫ জুন এক কোটি ৩০ লাখ ছয় হাজার ৮১৭ টাকা ব্যয়ে পৌর এলাকার ১৭টি উন্নয়নমূলক কাজের দরপত্র ঘোষণা করা হয়। স্থানীয় দৈনিক সৈকত সংবাদসহ দুটি সংবাদপত্রে ওই দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কাজগুলোর মধ্যে রয়েছে সড়ক নির্মাণ, সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার, দিঘি ভরাট, পয়োনিষ্কাশনব্যবস্থা ও ঘাটলা নির্মাণ। কিন্তু ছয় দিন ধরে পৌরসভার বেশ কয়েকটি প্রতিষ্ঠান ১৭টি গ্রুপের কোনো শিডিউল কিনতে পারেনি। এর কারণ হিসেবে বেশ কয়েকজন কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা-কর্মী জানান, পৌরসভার নির্দলীয় মেয়র মল্লিক মোহাম্মদ আইউব ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন কাজগুলো ভাগাভাগি করে নিয়েছেন। এর মধ্যে মেয়রের সমর্থক ঠিকাদারেরা পাবেন নয়টি গ্রুপের কাজ। আর বেলায়েতের সমর্থক ঠিকাদারেরা পাবেন আটটি গ্রুপের কাজ।
এদিকে শিডিউলের ফরম কিনতে না পেরে মেসার্স আর আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও উপজেলা যুবলীগের সহসভাপতি মো. রেজাউল কবির প্রথম আলোকে বলেন, ৩ জুলাই ফরম কিনতে পৌরসভার হিসাবরক্ষক বেলায়েত হোসেনের কাছে গেলে তিনি ফরম বিক্রি করতে পারবেন না বলে জানান। পরে মেয়রের কাছে লিখিতভাবে ফরম পাওয়ার জন্য আবেদন করেও কোনো গ্রুপের ফরম পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে হিসাবরক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘প্রতিবার দরপত্রের ফরম আমি বিক্রি করি। কিন্তু চলতি দরপত্রের ফরম কে বিক্রি করছে আমি জানি না। তাই অনেকে আমার কাছে এলেও আমি তাঁদের কিছুই জানাতে পারছি না।’
দরপত্রের কাজ ভাগাভাগি করে নেওয়ার কথা স্বীকার করে পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব প্রথম আলোকে বলেন, ‘তারা (আওয়ামী লীগ) যেভাবে বলছে, আমি সেভাবেই কাজ করেছি।’
যোগাযোগ করা হলে আওয়ামী লীগের নেতা মো. বেলায়েত হোসেন দাবি করেন, ‘সমঝোতার সঙ্গে আমি জড়িত নই। আর শুধু পৌরসভা থেকে শিডিউল পাওয়া যাবে কেন জেলা প্রশাসকের কার্যালয়সহ আরও অনেক জায়গা থেকেই পাওয়া যাচ্ছে।’