এক কোটি টাকা ছিনতাই!
ঢাকার আশুলিয়ার টঙ্গাবাড়ীর শ্রীখণ্ডিয়া এলাকা থেকে গত বৃহস্পতিবার একটি পোশাক কারখানার এক কোটির বেশি টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় কারখানার ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) নজরুল ইসলাম বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় আজমত গ্রুপের হিসাবরক্ষক গোলাম রব্বানী, জেট-৩ কম্পোজিট নিটওয়্যার লিমিটেডের হিসাবরক্ষক গোলাম কবীর ও গাড়িচালক রবিউলকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ রাতেই তাঁদের গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হয়। পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।আশুলিয়া থানার পুলিশ ও কারখানা সূত্রের ভাষ্যমতে, আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত আজমত গ্রুপের জেট-৩ কম্পোজিট নিটওয়্যার লিমিটেডের শ্রমিকদের ডিসেম্বর মাসের বেতন দেওয়ার কথা বৃহস্পতিবার। তাই সেদিন প্রতিষ্ঠানটির মালিকের রাজধানীর গুলশানের বাসা থেকে এক কোটি আট লাখ টাকা নিয়ে দুজন কর্মকর্তা একটি মাইক্রোবাসে করে কারখানায় যাচ্ছিলেন।পুলিশ হেফাজতে থাকা গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, মাইক্রোবাসটি বেলা দেড়টার দিকে শ্রীখণ্ডিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির গতি রোধ করে। তারা নিজেদের র্যা বের কর্মকর্তা পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে গাড়িতে ওঠে। এরপর অভিযোগ থাকার কথা বলে গাড়িচালক ও তাঁদের টাকাসহ নামিয়ে দুর্বৃত্তদের গাড়িতে তুলে নিয়ে ঢাকার দিকে রওনা হয়। পরে তুরাগ এলাকার একটি নির্জন স্থানে তাঁদের গাড়ি থেকে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। মামলার বাদী নজরুল ইসলাম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কারখানার দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে তাঁদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে।