এক কোটি টাকার দরপত্র আ.লীগ বিএনপির মধ্যে ভাগবাটোয়ারা!
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রায় এক কোটি টাকার দরপত্র গত বুধবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরিষাবাড়ী পৌরসভা সূত্রে জানা গেছে, আরামনগর বাজার ও শিমলা বাজারে নালা, রাস্তা, সেতু নির্মাণ ও বিভিন্ন মোড়ে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থার জন্য ৬ সেপ্টেম্বর দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ধার্য ছিল। এক কোটি টাকার এই কাজের জন্য সরিষাবাড়ী পৌরসভায় ও জামালপুরে ১০০টি দরপত্র বিক্রয় করা হয়। এদিকে ৭ সেপ্টেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ তারিখে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দরপত্র জমা দিতে এলে স্থানীয় পৌর আওয়ামী লীগ নামধারী ও সাংসদের আশীর্বাদপুষ্ট নুর-ই-আলম বাবু লোকজন নিয়ে তাঁদের বাধা দেন। পরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ফয়েজুল কবির তালুকদার ও পৌর আওয়ামী লীগের নেতা নুর-ই-আলম বাবু স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এক কোটি টাকার দরপত্র ভাগাভাগি করে দেন। সাহা এন্টারপ্রাইজ, মিতু ট্রেডার্স, মেসার্স শওকত ট্রেডার্স ও সীমান্ত ট্রেডিং—এই চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় এক কোটি টাকার দরপত্র ভাগাভাগি করে দেওয়া হয়। ঠিকাদার মিলন মিয়া, সোহরাব আলী, মুঞ্জুরুল ইসলাম, লিয়াকত মোল্লা, শামীম হোসেন ও বেলাল হোসেন দরপত্র জমা দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন। ঠিকাদারেরা আরও জানান, আওয়ামী লীগ ও বিএনপির বাধার মুখে তাঁরা দরপত্র জমা দিতে পারেননি। ঠিকাদারি প্রতিষ্ঠান সাহা এন্টারপ্রাইজের মালিক দীপক সাহা বলেন, ‘আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে আওয়ামী লীগ ও বিএনপি দরপত্র ক্রয় করেছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠান মিতু ট্রেডার্সের মালিক মোস্তাফিজুর রহমানও একই কথা জানান। পৌর আওয়ামী লীগের নেতা নুর-ই-আলম বাবু জানান, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এক কোটি টাকার দরপত্র ভাগাভাগি করে দেওয়া হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোনো দরপত্র ভাগাভাগি করেননি।উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন বলেন, ‘দরপত্র ভাগাভাগির বিষয়ে আমি কিছু জানি না।’ পৌরসভার সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, এ ব্যাপারে মেয়রই সবকিছু জানেন। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী পৌরসভার মেয়র ফয়েজুল কবির তালুকদার জানান, পৌর আওয়ামী লীগের নেতা নুর-ই-আলম বাবু এই দরপত্র ভাগাভাগি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কিছু জানি না।’ স্থানীয় সাংসদ চিকিৎসক মুরাদ হাসান জানান, পৌর মেয়রই বিএনপির মধ্যে এক কোটি টাকার দরপত্র ভাগাভাগি করে দিয়েছেন।