এক কোটি টাকার পোনা মাছ নিধন গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামে গত বুধবার রাতে ১০টি পুকুরে বিষ দিয়ে পোনা মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে।ক্ষতিগ্রস্ত, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের জাকির হোসেন, ইমাম হোসেন, মো. হারুন অর রশিদ, মো. বজলু মিয়া যৌথভাবে ১০টি পুকুরে মাছ চাষ করে আসছেন। বুধবার রাত নয়টায় পুকুরের মালিকেরা পুকুরপাড়ে এসে দেখেন মাছগুলো লাফালাফি করছে। তাঁরা এ সময় পুকুরের পানি থেকে বিষের গন্ধ পান। মুহূর্তের মধ্যে সব কটি পুকুরের মাছ মরে ভেসে ওঠে।এ ব্যাপারে পুকুরের মালিক জাকির হোসেন ও ইমাম হোসেন জানান, পুকুরগুলোতে বিভিন্ন জাতের শিং, মাগুর, পাঙাশ, রুই, মৃগেল, কাতল, সিলভার কার্প, তেলাপিয়া, কারফিউসহ প্রায় আট লাখ ছোট মাছের পোনা ফেলা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। তাঁরা কৃষি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জমির বিক্রি ও দাদনের মাধ্যমে টাকা এনে এই মাছ চাষ করেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ইকতার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উত্তর তেতাভূমি গ্রামের আবদুল খালেকের ছেলে হারুন মিয়াকে (৪০) আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তারই স্বীকারোক্তিতে একই গ্রামের আলী আশরাফ (৪২), মনু মিয়া (৩২) ও মো. আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।