এক কোটি টাকার যন্ত্রপাতি তিন বছর ধরে বস্তাবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বছর তিনেক আগে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তখন জরুরি প্রসূতি বিভাগ চালু করা হয়। সেই সঙ্গে অস্ত্রোপচারের জন্য প্রায় এক কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু ওই বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক (সার্জন) ও অবেদনবিদ নিয়োগ না দেওয়ায় অস্ত্রোপচার বন্ধ রয়েছে।ফলে জরুরি প্রসূতিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রসূতিরা। পাশাপাশি অব্যবহূত ও বস্তাবন্দী অবস্থায় পড়ে থাকা এসব যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১০ সালে জরুরি প্রসূতিসেবা বিভাগে অবকাঠামো উন্নয়নসহ প্রসূতিদের জন্য অস্ত্রোপচারকক্ষ, আলট্রাসনোগ্রাম যন্ত্র, ডেলিভারি টেবিল, অস্ত্রোপচার টেবিল, লাইট, স্টেরিলাইজেশন যন্ত্রসহ প্রায় এক কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হয়। লোকবলের অভাবে প্রায় তিন বছর এসব যন্ত্রপাতি অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে। জরুরি প্রসূতিসেবা বিভাগে প্রসূতিদের শুধু স্বাভাবিক প্রসব করানো হয়। অস্ত্রোপচারের প্রয়োজন হলে প্রসূতিদের জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এতে প্রসূতি ও তাঁর আত্মীয়স্বজনদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুরশিদ আলম বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে জরুরি প্রসূতিসেবা বিভাগে কমপক্ষে ২০ জন নারী স্বাভাবিক প্রসূতিসেবার সুযোগ পান। বিশেষজ্ঞ চিকিৎসক (সার্জন) ও অবেদনবিদ নিয়োগ না দেওয়ায় অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। শুধু লোকবলের অভাবে জটিল ও অস্ত্রোপচারের প্রয়োজন এমন প্রসূতিদের বাধ্য হয়ে জেলার সদর আধুনিক হাসপাতালে পাঠনো হয়। এখানে অস্ত্রোপচারসহ উন্নতমানের প্রসূতিসেবার সব ধরনের যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবলের অভাবে সার্বিক প্রসূতিসেবা নিশ্চত করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজ হয়নি।