এক কোটি ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা পরিচালক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ডের আল আকসা টাওয়ারের তৃতীয় তলা থেকে আল আমিন ওয়েলফেয়ার নামের একটি মাল্টিপারপাস কোম্পানি ছয় শতাধিক গ্রাহকের এক কোটি ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্রাহকের এসব টাকা হাতিয়ে নিয়ে কার্যালয় ছেড়ে পালিয়ে যাওয়ার সময় মনজুরুল আলম নামের ওই প্রতিষ্ঠানের এক পরিচালককে অবরোধ করে রাখেন গ্রাহকেরা। গত রোববার রাত সাড়ে ১০টা থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন শতাধিক গ্রাহক ওই প্রতিষ্ঠানের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে তাঁকে অবরোধ করে রেখেছেন।
পুলিশ দফায় দফায় অভিযান চালিয়েও বিক্ষুব্ধ গ্রাহকদের দাবির মুখে অবরুদ্ধ পরিচালককে থানায় নিয়ে যেতে পারেনি। মনজুরুল আলমের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁদা গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও আল আমিন ওয়েল ফেয়ারের গ্রাহক রেজাউল করিম বলেন, ২০১০ সালের দিকে আল আকসা টাওয়ারের তৃতীয় তলায় কক্ষ ভাড়া নিয়ে আল আমিন ওয়েল ফেয়ার নামের প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে উপজেলার প্রায় ছয় শতাধিক গ্রাহকের কাছ থেকে এফডিআর, জামানত প্রকল্পের আওতায় এক কোটি ১০ লাখ আট হাজার ৯৬৪ টাকা হাতিয়ে নিয়েছে। বছর শেষে লভ্যাংশসহ গ্রাহকদের পুরো টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তারা কোনো গ্রাহককে পুরো টাকা ফেরত দেয়নি।
গতকাল বিকেলে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে অবস্থানরত গ্রাহক মো. শাহজাহান, আবু তালেব, সোলতান আহমদ, ফাতেমা বেগম, নাছিমা আক্তারসহ অনেকে বলেন, প্রতিষ্ঠানের পরিচালক মনজুরুল আলম এফডিআর ও আমানত খোলার সময় তাঁদের বিশ্বাস জন্মানোর জন্য তাঁদের নামে ব্যাংক চেক ফরমের সঙ্গে সংযুক্ত করে দেন। ৩০ হাজার টাকার এফডিআরের বিপরীতে বছর শেষে নয় হাজার টাকা লভ্যাংশসহ ৩৯ হাজার টাকা দেওয়ার কথা লেখা রয়েছে চুক্তিপত্রে। কিন্তু বছর শেষ হয়ে প্রায় দুই মাস পার হলেও তাঁদের টাকা ফেরত দেওয়া হয়নি।
গ্রাহকেরা আরও বলেন, রোববার রাতে মুঠোফোনের মাধ্যমে জানতে পারেন কার্যক্রম গুটিয়ে আল আমিন ওয়েল ফেয়ার প্রতিষ্ঠানের পরিচালক মনজুরুল আলমসহ অন্যরা লাপাত্তা হচ্ছেন। তারপর প্রতিষ্ঠানের সামনে জড়ো হতে থাকেন প্রতারিত গ্রাহকেরা।
প্রতারণার অভিযোগ অস্বীকার করে আল আমিন ওয়েল ফেয়ার প্রতিষ্ঠানের অবরুদ্ধ পরিচালক মনজুরুল আলম জানান, তাঁর সঙ্গে এই ব্যবসায় চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম কদলপুর গ্রামের আজম খান নামের আরও একজন যুক্ত রয়েছেন। তাঁদের দুজনের নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামে আল আমিন ওয়েল ফেয়ারের নয়টি শাখা রয়েছে। এর মধ্যে প্রধান কার্যালয় রয়েছে চট্টগ্রামের বহদ্দারহাটে। এ ছাড়া রাঙ্গুনিয়া, চন্দনাইশ, কেরানীহাট, বান্দরবান, লোহাগাড়া, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও, কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলাও শাখা রয়েছে।
মনজরুল আলম আরও জানান, গ্রাহকের টাকা তাঁরা আত্মসাৎ করেননি। অন্য শাখায় প্রয়োজন হওয়ায় মূলত চকরিয়া শাখার টাকা সেখানে স্থানান্তর করা হয়েছে। এ কারণে গ্রাহকদের কাছে মেয়াদ শেষে লভ্যাংশসহ টাকা ফেরত দিতে একটু সময়ক্ষেপণ হচ্ছে।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়। তবে বিক্ষুব্ধ গ্রাহকেরা টাকা আদায়ের জন্য পরিচালককে তাঁর কার্যালয়ে অবরোধ করে রাখায় পুলিশ তাঁকে থানায় নিয়ে আসতে পারেনি।
ওসি আরও বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতারিত গ্রাহকদের টাকা উদ্ধারে সর্বশেষ চেষ্টা ব্যর্থ হলে পুলিশ অবশ্যই তাঁকে গ্রেপ্তার করবে।