এক কোটি ৩২ লাখ টাকার বিদেশি মুদ্রা আটক, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার রাতে এক কোটি ৩২ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ সিঙ্গাপুরগামী এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ইউরোসহ সিঙ্গাপুরি ডলার, ব্রিটিশ পাউন্ড, সৌদি রিয়াল ও জাপানি ইয়েন রয়েছে। গ্রেপ্তার যাত্রীর নাম জুয়েল রানা।শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে ঢোকার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা জুয়েলের ব্যাগ যথারীতি স্ক্যানিং করে বিমানের কনটেইনারে পাঠিয়ে দেয়। পরে বোর্ডিং ব্রিজে তাঁর আচরণে সন্দেহ হওয়ায় ব্যাগটি কনটেইনার থেকে এনে আবার স্ক্যানিং করলে বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়। জুয়েলের পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, এ বছরই তিনি অন্তত ১১ বার সিঙ্গাপুরে গেছেন।সন্দেহ হলে শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জুয়েলকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে জুয়েল তাঁর কাছে কোনো ব্যাগ নেই বলে দাবি করেন। পাসপোর্ট নম্বর দিয়ে কম্পিউটারে পরীক্ষা করলে তাঁর ব্যাগ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ সময় জুয়েল তাঁর মোবাইল ফোন থেকে কোনো একজনকে ফোন করে ‘বস’ সম্বোধন করে দায়িত্বরত এক কর্মকর্তাকে কথা বলার অনুরোধ করেন। শুল্ক ও গোয়েন্দা বিভাগ তাঁকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করেন।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, শুল্ক ও গোয়েন্দা বিভাগ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এর আগে ১২ আগস্ট এক কোটি ৫৭ লাখ টাকার সমপরিমাণ নয়টি দেশের মুদ্রাসহ সিঙ্গাপুরগামী বাংলাদেশি যাত্রী সানিকে আটক করা হয়।