এক কোটি ৪১ লাখ টাকার ভুয়া ভাউচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে গত অর্থবছরের প্রায় এক কোটি ৪১ লাখ টাকার ভুয়া ভাউচার জমা করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির টিআর ও কাবিখা প্রকল্প কমিটির সদস্যরা উন্নয়নমূলক কাজ করে সরকারি প্রজ্ঞাপনের বাধ্যবাধকতার কারণে এই ভুয়া ভাউচার জমা দিয়েছেন।দুপচাঁচিয়ার পিআইও কামরুল হাসান বলেন, বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি প্রকল্পের চাল ও গমের দাম নির্ধারণ করে দেওয়া হলে এই সমস্যা হতো না। কাজ শেষে ভুয়া ভাউচার জমা নেওয়ার সময় প্রকল্প কমিটির সদস্যদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এ কারণে প্রকল্প কমিটির কাজে অনিয়মও কিছুটা সমর্থন দিতে হয়েছে।পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, গত অর্থবছরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিশেষ ও সাধারণ বরাদ্দ হিসেবে টিআরে ৫৫৬ দশমিক ২৮ মেট্রিক টন চাল এবং কাবিখায় ৪২২ দশমিক ০৮ মেট্রিক টন চাল ও ১১২ দশমিক ০৭ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ২০১২ সালের পরিপত্র অনুযায়ী টিআরের সব চাল ও কাবিখার ৩০ শতাংশ চাল বিক্রি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মন্দির সংস্কার এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান উন্নয়ন ও মেরামতের কাজে ব্যয় করা হয়। বরাদ্দ পাওয়া এসব চাল ও গমের বিপরীতে ২৬৪টি প্রকল্পের কাজ করা হয়েছে।প্রকল্প কমিটির সদস্যরা অভিযোগ করেন, সরকার গত অর্থবছরে চালকল মালিকদের কাছ থেকে প্রতি টন চাল ২৮ হাজার টাকা দরে কেনে। অথচ প্রকল্পের সদস্যরা খাদ্যগুদাম থেকে তুলে বাজারে চাল বিক্রি করেছেন প্রতি টন সাড়ে ১৯ হাজার থেকে ২০ হাজার টাকায়। আবার সরকার প্রতি টন চালের বিপরীতে ৩৩ হাজার ৮০৫ টাকা এবং প্রতি টন গমে ২৭ হাজার ৪৮৮ টাকার ভাউচার জমা দিতে বলে। ফলে প্রকল্প চেয়ারম্যানদের (সভাপতি) টনপ্রতি চালের জন্য অতিরিক্ত ১৪ হাজার টাকা এবং গমের জন্য চার হাজার টাকার ভুয়া ভাউচার দিতে হয়। অর্থবছরের শেষ দিন প্রকল্প সভাপতি এবং অফিসের কর্মচারীরা সব মিলিয়ে প্রায় এক কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকার ভুয়া ভাউচার করা নিয়ে ব্যস্ত ছিলেন।উপজেলার চামরুলের দীঘিরপাড়া ঈদগাহ মাঠের সংস্কার প্রকল্পের সভাপতি জলিলুর রহমান বলেন, ‘ঈদগাহ মাঠের সংস্কারের জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। ডিও ব্যবসায়ীদের কাছে প্রতি টন চাল ১৯ হাজার টাকা দরে বিক্রি করেছি। তাই ডিও ব্যবসায়ীরা ওই কাজের ভুয়া ভাউচার দিয়েছেন।’উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল বলেন, ‘দেখেশুনে আমাদের চুরি করতে হচ্ছে। এমনিতে কোনো প্রকল্পে শতভাগ কাজ পাওয়া যায় না। তারপর সরকারি প্রজ্ঞাপন অনুসারে কাজ বুঝে নিতে গেলে মানুষের হাতে মার খেতে হবে। বিষয়টি বেশ কয়েকবার জেলা প্রশাসকের সভায় আলোচনা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি।’