এক কোটি ৫৮ লাখ টন আউশ ও আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা
আমন ও আউশ মৌসুমে এক কোটি ৫৮ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। আউশের উৎপাদন বাড়াতে দুই লাখ ৯২ হাজার কৃষককে ৩৮ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। আমনচাষিরা পাবেন সম্পূরক সেচ সুবিধা। কৃষি মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে ২২ কোটি ৪৭ লাখ টাকার কৃষি উপকরণ বিনা মূল্যে বণ্টন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন থেকে ২০১০-১১ উৎপাদন মৌসুমে ২৬ হাজার মেট্রিক টন বীজ বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ১৩ জুলাই পর্যন্ত বিএডিসি ১৪ হাজার ৭০০ মেট্রিক টন আমন বীজ বিক্রি করেছে। গত বছর একই সময়ে বীজ বিক্রির পরিমাণ ছিল ১৪ হাজার ৪০০ মেট্রিক টন।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে বীজ বিক্রিতে কিছুটা ধীরগতি ছিল। চলতি সপ্তাহে বীজ বিক্রি ও বীজতলা তৈরির পরিমাণ বেড়েছে—উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে আউশ ও আমনের উৎপাদন বাড়াতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে সম্পূরক সেচ প্রদানের সব ব্যবস্থা নেওয়া হবে।