এক কোটি ৭১ লাখ রুপিসহ পাকিস্তানি বাবা-মেয়ে আটক
এক কোটি ৭১ লাখ ভারতীয় রুপিসহ দুজন পাকিস্তানি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আজ সোমবার দুপুরে পাকিস্তান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করাচি থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই দুইজন। তাঁরা হলেন আবু জহির (৫০) ও ইয়াসমিন (১৮)। সম্পর্কে তাঁরা বাবা ও মেয়ে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পাকিস্তান থেকে আসা এসব মুদ্রায় খুবই উচ্চ মানের ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। এগুলো যে জাল তা দেখে এমনকি সাধারণ পরীক্ষাতেও বোঝার উপায় নেই। একই নম্বরের একাধিক বান্ডিল দেখে এগুলো জাল মুদ্রা হিসেবে শনাক্ত করা হয়েছে। কাল মঙ্গলবার ব্যাংক অব ভারতীয় একজন প্রতিনিধিকে আটক মুদ্রার নমুনা পরীক্ষার জন্য দেখানো হবে। এর আগে গত ২৭ এপ্রিল কার্গোতে আনা ছয় কোটি চার লাখ ভারতীয় রুপি আটক করেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গোপন সূত্রের খবর পেয়ে ওই দুই যাত্রীর কাছ থেকে আজ মুদ্রা উদ্ধার করা হয়। সঙ্গে পাওয়া যায় ১৯৫ কার্টন ইজি ব্রান্ডের সিগারেট। এর আগে আজ সকালে দুবাই থেকে বিনা ঘোষণায় আনা ৫০ লাখ টাকার অবৈধ ওষুধ ও সিগারেট আটক করেন শুল্ক গোয়েন্দারা।
কর্মকর্তাদের দাবি, পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে ভারতে জাল রুপি ছড়ানো হচ্ছে। বাংলাদেশকে এর জন্য পথ (রুট) হিসেবে ব্যবহার করা হচ্ছে মাত্র। বিষয়টি সম্পর্কে ভারত সরকার অবগত। পাকিস্তানে বিশেষ সংস্থার তত্ত্বাবধানে তৈরি এসব মুদ্রা দেখতে ও বৈশিষ্ট্যে একেবারে আসল রুপির মতো। আসল রুপির প্রতিটি নিরাপত্তা বৈশিষ্ট্য এসব মুদ্রায় রয়েছে।