এক খান বসা, তিন খান মাঠে
ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় চলছে তিন খানের লড়াই। তাঁরা হলেন আজিজুল হক খান, আমিরুল ইসলাম খান ও আবদুর রশিদ খান। পৌরসভায় বর্তমান মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করছেন আরেক খান। তিনি হলেন স্থানীয় সাংসদ শফিকুল আজম খান। এবার তিনি পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।১৪১ বছরের পুরোনো এই পৌরসভায় মেয়র পদে ওবায়দুল হক নামের আরও এক প্রার্থী রয়েছেন। তবে এই তিন খানের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অনেকে মন্তব্য করেন।মহেশপুর পৌর এলাকার একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী মহেশপুর উপজেলা আয়তনে বড় হলেও পৌরসভার আয়তন খুবই কম। পুরোনো হলেও এর আয়তন বাড়েনি। এর আয়তন মাত্র ২১ দশমিক ৩৫ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ৩৮ হাজার ৭৩০ জন। ছোট এই শহরটির উন্নয়নও হয়েছে খুব কম। পৌর এলাকায় আজও রিকশা চলাচল করে না। জনসাধারণকে ভ্যানে চড়ে যাতায়াত করতে হয়।আজিজুর রহমান নামের এক ভোটার জানান, মহেশপুর পৌরসভায় এবার যে চারজন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের তিনজন খান বংশের। এর মধ্যে দুজন একই এলাকার এবং আরেকজন অন্য এলাকার। মহেশপুর পৌর এলাকার জলিলপুরের বাসিন্দা আওয়ামী লীগের পৌর কমিটির সদস্য আবদুর রশিদ খান দলের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন। একই এলাকায় বাস করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান। তিনি দলের সমর্থন চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। অন্য প্রার্থী আজিজুল ইসলাম খান পৌর এলাকার বাজারপাড়ার বাসিন্দা। তিনি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি। বিএনপির সমর্থন নিয়ে তিনি প্রার্থী হয়েছেন। ভোটাররা জানান, তাঁরা তিনজন খান বংশের হলেও একে অন্যের আত্মীয় নন। পৌর এলাকার হামিদপুরের বাসিন্দা আবুল হোসেন জানান, মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও লড়াই হবে মূলত তিন খানের মধ্যে। ওবায়দুল হক নামের একজন প্রার্থী থাকলেও তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবেন না।