বেগুনের নাম ‘নয়নতারা’ ‘শুকতারা’ ও ‘কাজলা’। দেখতে চোখের মণির মতো উজ্জ্বল কালো এবং আকারে গোল বলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) বিজ্ঞানীরা বেগুনের নাম দিয়েছেন ‘নয়নতারা’। এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) উদ্ভাবিত শীতকালীন উচ্চ ফলনশীল একটি জাত।
অপরদিকে ‘মুক্তকেশী’ ও ‘ফুলি’ নাম রাখার পেছনে যেমন মজার কথা রয়েছে, তেমনি বেগুনের নাম ‘হাজারী’, ‘ভোলানাথ’, ‘উত্তরা’, ‘মুক্তকেশী’, ‘শিংনাথ’, ‘ঝুমকা’ রাখার নেপথ্যে আছে নানান তথ্য। বাহারি এমন নানা নাম, রং ও আকৃতির ১৮০ প্রজাতির বেগুনের চাষ হচ্ছে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগে।
বিএআরআইয়ের সবজি বিভাগের বিজ্ঞানী নিজাম উদ্দিন জানান, নানা নাম, বাহারি রং, বিভিন্ন আকৃতি এবং ঋতুতে জন্মায় এমন ধরনের ১৮০ জাতের বেগুনের একসঙ্গে এক খামারে চাষ হচ্ছে বারির উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের সবজি বিভাগে।
বিজ্ঞানীরা আরও জানান, ঝুমকা ফুলের নামে নাম হলেও দেশের সবচেয়ে ছোট আকৃতি পাঁচ-ছয় সেন্টিমিটার লম্বা এবং দেখতে মেয়েদের কানের ঝুমকা দুলের মতো গাছে ঝুলে থাকে বলে বেগুনের নাম দেওয়া হয়েছে ‘ঝুমকা’। চট্টগ্রামের দোহাজারী এলাকায় অধিক পরিমাণে উৎপাদন হয় বলে বেগুনের নাম দেওয়া হয়েছে ‘দোহাজারী’। ডিম্বাকৃতির গাঢ় সবুজ বেগুনের নিচের দিকে আলোকরশ্মির ছটার মতো। নরসিংদীর ‘শিংনাথ’ জাতের বেগুন অনেক লম্বা। গাঢ় বেগুনি এবং গরুর শিংয়ের মতো সামান্য বাঁকানো ও লম্বা বলে বারির বিজ্ঞানীদের উদ্ভাবিত শিংনাথ জাতটি উচ্চ ফলনশীল জাতের। একই প্রতিষ্ঠান উদ্ভাবিত বেগুনের ‘কাজলা’ জাতটির আকার মাঝারি লম্বা, রং কাজলের মতো কালচে-বেগুনি ও চকচকে। ‘শুকতারা’র কাজলার মতো হলেও রং উজ্জ্বল কালচে-বেগুনি। ‘উত্তরা’র সঙ্গে স্থানীয় ‘সুফলা’র (প্রাকৃতিকভাবে জন্মানো একধরনের কাঁটাওয়ালা বেগুন) সংকরায়ণ ঘটিয়ে শুকতারা জাতটি উদ্ভাবন করা হয়েছে।
বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শাহাবউদ্দিন আহমেদ জানান, বেগুনের আদি জন্ম বাংলাদেশে। ভারতীয় উপমহাদেশসহ পৃথিবীর সব দেশে এই সবজির ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে সারা বছরই বাংলাদেশের সব শ্রেণির মানুষের অত্যন্ত জনপ্রিয় সবজি এটি। বারি উদ্ভাবিত ১০টি উচ্চ ফলনশীল জাতসহ সারা দেশের বিভিন্ন এলাকায় চাষ হয়, এমন ৪৫৩টি বেগুনের বীজ (জার্মপ্লাজম) বারিতে সংরক্ষণ করা আছে। নতুন জাত উদ্ভাবনে গবেষণাকাজের জন্য সবজি বিভাগের গবেষণা মাঠে প্রতিবছর কমপক্ষে ১৮০ জাতের বেগুনের চাষ হয়ে থাকে। এক খামারে একই সঙ্গে এমন নানা জাতের, রং ও আকারের বেগুনখেত দেখে মুগ্ধ হন কৃষিশিক্ষায় জড়িত শিক্ষার্থীসহ সাধারণ মানুষও।