এক গৃহবধূর আত্মহনন, কাতরাচ্ছেন আরেকজন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ তাঁর বাবার বাড়িতে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে স্বামীর নির্যাতনের শিকার হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কাতরাচ্ছেন সদর উপজেলার মীরকাদিমের পূর্বপাড়ার আরেক গৃহবধূ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, টঙ্গিবাড়ীর পুরা গ্রামের দুলু ব্যাপারীর মেয়ে পুষ্প বেগমের (২৬) স্বামী দক্ষিণ আফ্রিকায় কর্মরত অবস্থায় মারা যান। এক বছর আগে ফরিদপুরের মো. সুমনের সঙ্গে পুষ্পের বিয়ে হয়। বিয়ের সময় সুমন তাঁর আরও এক স্ত্রী থাকার তথ্য গোপন করেন। বিষয়টি জানাজানি হলে পুষ্প ও সুমনের মধ্যে অশান্তি দেখা দেয়। এরপর পুষ্প বাবার বাড়ি চলে আসেন। সোমবার রাতে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে স্বজনেরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গিবাড়ী থানার ওসি আবদুল মালেক বলেন, পুষ্পের বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
স্বামীর নির্যাতনের শিকার হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ রুনা আক্তার (২১) জানান, মীরকাদিমের পূর্বপাড়ার মামুন মোল্লার সঙ্গে ২০০৩ সালে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে তিন ছেলে-মেয়ে আছে। বিয়ের তিন বছর পর থেকেই স্বামী যৌতুকের জন্য তাঁকে নির্যাতন শুরু করেন। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। এ কারণে ঘরে খুন্তি, রড, হাতুড়ি প্রায় সময় থাকত। ১৭ জানুয়ারি স্বামী প্রথমে রড দিয়ে তাঁকে বেধড়ক পেটান। এরপর খুন্তি দিয়ে আঘাত করেন। এতে তাঁর বাঁ হাতে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। তারপর মেঝেতে ফেলে বুকের ওপর দাঁড়িয়ে থাকেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মীরকাদিম পৌরসভার কাউন্সিলর হাসিনা বেগম বলেন, ‘ওই নারীকে প্রায় সময় তাঁর স্বামী নির্যাতন করেছেন। এই নিয়ে আমরা একাধিকবার সালিস করে দিলেও তাঁর স্বামী মানেননি। এখন নির্যাতিতাকে আদালতে মামলা করতে বলেছি।’
নির্যাতনের ব্যাপারে সদর থানাধীন হাতিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ঘটনার পরদিন ওই নারী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির বিষয়টি তদন্ত করতে গেলে মামুন মোল্লাকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।