এক গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত ২১ জন রোগী শনাক্ত করা হয়েছে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আজ সোমবার পর্যন্ত ২১ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। তাঁদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সপ্তাহ খানেকের মধ্যে রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। একই সঙ্গে অসুস্থ কোনো গরুর মাংস না খাওয়ার জন্য উপদেশ দেওয়া হচ্ছে।
প্রাণিসম্পদ কার্যালয় ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল জামতৈল গ্রামে দুটি গরু অসুস্থ হয়ে পড়লে জবাই করে গ্রামের লোকজন স্বল্পমূল্যে মাংস ভাগাভাগি করে নেয়। গত শুক্রবার থেকে ওই গরুর মাংস কাটা ও রান্নার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের হাতে–পায়ে ফোসকার মতো ক্ষত দেখা দেয়। শনিবার কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অ্যানথ্রাক্স রোগ হিসেবে শনাক্ত করেন। পরে ওই দুটি গরুর কিছু নমুনা পরীক্ষার জন্য সিরাজগঞ্জ প্রাণিসম্পদ আঞ্চলিক রোগনির্ণয় কেন্দ্রে পাঠানো হয়। পরীক্ষায় অ্যানথ্রাক্স ধরা পড়ে। রোগাক্রান্ত ওই দুটি গরু কাটা, ধোয়া ও রান্নার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হন চিকিৎসকেরা।
কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ বলেন, বর্তমানে এলাকায় একজন ভেটেরিনারি সার্জনের নেতৃত্বে মোট তিনটি দল গরুর রোগ প্রতিষেধক টিকা দেওয়ার কাজ করছে। একই সঙ্গে অসুস্থ কোনো গবাদিপশু জবাই না করে মারা যাওয়ার পর মাটিতে গর্ত করে পুঁতে রাখার জন্য প্রচারণা চালানো হচ্ছে।