এক গ্রামে আটটি ইটভাটা স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের শানাইল গ্রামে ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে আটটি ভাটা। এসব ইটভাটা থেকে নির্গত ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এলাকাবাসী। এ ছাড়া ধোঁয়ার কারণে ফসলেরও ক্ষতি হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটাগুলো নির্মাণ করা হয়েছে। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, আবাসিক এলাকা (যেখানে আনুমানিক ৫০টি পরিবার বসবাস করে) ও ফলের বাগান (যেখানে আনুমানিক ৫০টি ফলদ ও বনজ গাছ আছে) থেকে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা স্থাপনের অনুমতি দেওয়া যাবে না।অথচ শানাইল গ্রামে বসতবাড়ির আধা কিলোমিটারের মধ্যে এবং তিন ফসলি জমির ওপর ওই আটটি ইটভাটা নির্মাণ করা হয়েছে। সরকারি দেবেন্দ্র কলেজের রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, ইটভাটার কালো ধোঁয়ার সঙ্গে নির্গত কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।মানিকগঞ্জ সদর হাসপাতালের বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ বিকাশ চন্দ্র তরফদার বলেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইডের কারণে অক্সিজেনের পরিমাণ কমে যায়, যা মানুষের শ্বাস-প্রশ্বাসে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং হূদেরাগের ঝুঁকি বাড়ায়। এলাকাবাসী জানান, প্রায় ১৫ বছর আগে এই গ্রামে প্রথমে একটি ইটভাটা গড়ে ওঠে। এরপর পর্যায়ক্রমে আরও সাতটি ইটভাটা নির্মাণ করা হয়। এসব ভাটা গড়ে ওঠায় একদিকে যেমন ফসলি জমির পরিমাণ কমেছে, অন্যদিকে ধোঁয়ায় ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। ইটভাটার কারণে চারপাশের কয়েকটি গ্রামের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের পাশে শানাইল গ্রামে ব্যবসায়ী নূরুল হকের মালিকানাধীন ‘এবিসি’ নামের চারটি, আলী আকবরের মালিকানাধীন ‘এএবি’ নামের তিনটি ও ইসমাইল হোসেনের মালিকানাধীন ‘আরবি’ নামের একটি ইটভাটা রয়েছে। স্থানীয় লোকজন জানান, তিনফসলি জমির ওপর এসব ভাটা নির্মাণ করা হয়েছে। পাশের জমি থেকেই এসব ভাটায় মাটির জোগান আসে। এ কারণে ভাটাগুলোর চারপাশে ফসলি জমিতে অসংখ্য ছোট-বড় ডোবার সৃষ্টি হয়েছে। শানাইল গ্রামের সমেজ উদ্দিন (৬৫) ও আতোয়ার রহমান (৪৫) বলেন, ইট পোড়ানো শুরু হলেই সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। শিশু ও বৃদ্ধদের এ সমস্যা বেশি হয়। তাঁরা নিজেরাও ভুক্তভোগী। কৃষক মহিবুর রহমান ও আক্কাস আলীর ভাষ্যমতে, ইটভাটার কারণে ফসলের আবাদ কমে গেছে। আগে এক বিঘায় প্রায় ৩০ মণ ধান হতো। ভাটাগুলো নির্মাণের পর ১৪ থেকে ১৬ মণের বেশি ধান পাওয়া যায় না। পার্শ্ববর্তী খোলাপাড়া গ্রামের গৃহবধূ ঝর্ণা আক্তার (২৮) বলেন, ইটভাটা থেকে উড়ে আসা ধুলা-ময়লায় বাড়িঘর নোংরা হয়ে যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন-উর রশিদ বলেন, ইটভাটার কালো ধোঁয়ায় মৌমাছি আসতে পারে না। এ জন্য পরাগায়নে সমস্যা দেখা দেয়। এ কারণে ফুল এলেও ফল হয় না। এ ছাড়া কালো ধোঁয়া ও তাপ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলায় দিন দিন চাষাবাদ, শাকসবজি এবং ফলমূলের উৎপাদন কমে যাচ্ছে। এবিসি ইটভাটার মালিক নূরুল হক বলেন, পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই ভাটাগুলো নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ‘ভাটার ধোঁয়ায় পরিবেশের কিছু ক্ষতি তো হবেই।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হাসমত আলীর অভিযোগ, তিনফসলি জমিতে ইটভাটা নির্মাণ নিষেধ থাকলেও একের পর এক ইটভাটা গড়ে উঠেছে। কিন্তু প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো তৎপরতা নেই। মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা বলেন, যে জমিতে ভাটা নির্মাণ করা হবে, সেই জমি দোফসলি না তিনফসলি, সে ব্যাপারে প্রতিবেদন দেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। তাঁদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ভাটা নির্মাণের জন্য অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. মাসুদ করিম বলেন, ‘গ্রামের মধ্যে ইটভাটা থাকলে স্বাস্থ্যঝুঁকি তো থাকবেই। পরিবেশ অধিদপ্তরের বিষয়টি দেখার কথা। তার পরও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’