এক গ্রামে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় এক রাতে এক গ্রামের তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল ওই তিন বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ওই সব বাড়ির সদস্যরা জানান। গতকাল রোববার গভীর রাতে ও আজ সোমবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে প্রথমে উপজেলার পূর্ব সুজাপুর গ্রামের প্রকৌশলী আবুল কালাম আজাদের বাড়িতে ১২ থেকে ১৫ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে।

গৃহকর্তা করিমুল হক বলেন, দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতেরা তাঁদের ঘরে ঢুকে দুটি আলমারির তালা ভেঙে চার ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ হাজার, একটি ফোনসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের জিনিসপত্র লুটে নিয়ে গেছে। এ সময় বাধা দিলে তারা করিমুল হককে মারধর করে। পরে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

একই দিন রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামের প্রবাসী নুর নবীর বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হানা দেয়।

গৃহকর্তার স্ত্রী কোহিনুর আক্তার বলেন, ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সবার হাত-পা বেঁধে ফেলে। পরে তিনটি আলমারির তালা ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আজ ভোররাত চারটার দিকে ওই এলাকার ব্যবসায়ী আবু বকর ছিদ্দিকের বাড়িতে হানা দেয় ১৩ থেকে ১৪ জনের সশস্ত্র ডাকাত দল। এদের সবারই মুখ ঢাকা ছিল।

গৃহকর্তা আবু বকর ছিদ্দিক বলেন, ডাকাত দল একই কায়দায় ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে দুটি আলমারির তালা ভেঙে ছয় ভরি স্বর্ণালংকার, নগদে ৬০ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ সাড়ে তিন লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে রাতেই সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল তিনটি পরিদর্শন করে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

গত আট মাসে উপজেলার মতিগঞ্জ, বগাদানা, মঙ্গলকান্দি, সদর, নবাবপুর, আমিরাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামের ৩২টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এসব বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।