পৌরসভা নির্বাচনে ঝিনাইদহের কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামে বেশি প্রচারণা ও গণসংযোগ করছেন সব মেয়র প্রার্থী। কারণ এই গ্রাম নিয়েই গঠিত হয়েছে তিনটি ওয়ার্ড। এই গ্রামে যিনি বেশি ভোট পাবেন, তাঁরই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে অনেকে মনে করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বাজারপাড়ার বাসিন্দা আওয়ামী লীগের মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সহিদুজ্জামান, সলেমানপুরের বাসিন্দা বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী শহরের বিহারীপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম ও ফুলবাড়ী গেট এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম। ওই গ্রামেই রয়েছে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড। এই তিন ওয়ার্ডের ভোটার সংখ্যা ৭ হাজার ৯০০ জন। আর পৌরসভার মোট ভোটার ২৪ হাজার ২১১ জন।
সম্প্রতি সরেজমিনে সলেমানপুর গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সলেমানপুরের ভোটাররা সব সময় নিজ গ্রামকেই প্রাধান্য দিয়ে থাকেন। যে কারণে বেশির ভাগ সময় এই গ্রামের প্রার্থী চেয়ারম্যান/মেয়র পদে নির্বাচিত হয়েছে।
পৌর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সলেমানপুর থেকে যে প্রার্থী বেশি ভোট পাবেন, তিনিই হবেন আগামী দিনের মেয়র। তাই প্রার্থীরা দিন-রাত এই গ্রামে গণসংযোগ করছেন।
এ ব্যাপারে বিএনপির প্রার্থী সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, আসলে ওই গ্রামের মানুষের মধ্যে মিল রয়েছে। তাঁরা একত্র হয়ে এলাকার উন্নয়নে কাজ করেন। ভোটের ক্ষেত্রেও তাঁরা ভালো প্রার্থী বেছে নেন। এবার দলীয় প্রতীকে ভোট হওয়ায় শেষ পর্যন্ত কী হবে, তা বলা যাচ্ছে না।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী সহিদুজ্জামান বলেন, দলীয় প্রতীকে ভোট হওয়ায় এবার গ্রামপ্রীতি ততটা নেই।