এক গ্রামে পাঁচ দিনে ২২টি গবাদিপশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রামে গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পাঁচ দিনে ২২টি গবাদিপশু মারা গেছে। এ কারণে অনেক কৃষক তাঁদের গবাদিপশু কম দামে বিক্রি করার পাশাপাশি আত্মীয়স্বজনের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন।

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু এ বছর নয়, আগের বছর ২০১৬ সালে ওই গ্রামের ১৫টি গবাদিপশু (৮টি গরু ও ৭টি ছাগল) মারা যায়। ২০১৫ সালেও ওই গ্রামের ছয়টি গবাদিপশুর (চারটি গরু ও দুটি ছাগল) মারা যায়।

গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ওই গ্রামের শাহজাহান আলীর তিনটি গরু, দুটি ছাগল, মমিনুর রহমানের দুটি গরু, হযরত আলীর একটি গরু, একটি ছাগল, আক্তারুল ইসলামের চারটি গরু, আবদুস সালামের একটি ছাগল, নূরবক্তের দুটি ছাগল, নূরজাহান বেগমের একটি গরু, একটি ছাগল, মোফাজ্জল হোসেনের একটি গরু, জাহাঙ্গীর আলমের একটি ছাগল, আনিছা বেগমের একটি ছাগল ও নজিবা বেগমের একটি ছাগল মারা যায়।

নূরজাহান বেগম বলেন, ‘অনেক কষ্টত গরু ছাগলগুলা পালছিনু বাহে, সেই কষ্টের ধন এদন করি মরি গেইল, মোর গোয়াল এলা খালি হয়া গেলো বাহে।’ শাহজাহান আলী বলেন, ‘আমার তিনটি গরু আর দুটি ছাগল মরে যাওয়ায় আমি এখন নিঃস্ব হয়ে গেছি। এত বড় ক্ষতি কীভাবে পূরণ করব, তা ভেবে পাচ্ছি না।’

গত বুধবার দক্ষিণ দলগ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আক্রান্ত গরু-ছাগলের প্রথমে পেছনের পায়ে কাঁপুনি শুরু হয়। এরপর পেট ফুলে গিয়ে মাটিতে পড়ে গোটা শরীর কাঁপতে থাকে। আনুমানিক দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই আক্রান্ত গরুর মৃত্যু হয়। ছাগল আক্রান্ত হওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই মারা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এস এম নাসিরুদ্দিন খান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই গ্রামের মৃত গবাদিপশুর শরীর থেকে খাদ্য, কলিজা ও ফুসফুস বের করে প্রাণিসম্পদ বিভাগের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখান থেকে মুঠোফোনে জানানো হয়েছে, এ মৃত্যুর কারণ নাইটট্রাইট পয়জনিং।

এ এস এম নাসিরুদ্দিন খান আরও বলেন, খরার পর বৃষ্টি হয়ে গজানো তাজা ঘাস খেলে, পুরোনো/কালো হয়ে যাওয়া ছন বা খড় খেলে এবং তামাকের খেতের ঘাস খেলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পশুকে মিথাইলিং ব্লু এক পার্সেন্ট হারে রক্তে ইনজেকশন পুশ করলে উপকার পাওয়া যাবে।