এক গ্রামে ১৫ সাঁকো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুর অর্ধেক ভেঙে বিলীন হয়ে গেছে। বাঁশের সাঁকো বসিয়ে কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে যোগাযোগ। ছবিটি গত রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারার কেয়াগড় গ্রাম থেকে তোলা l প্রথম আলো
সেতুর অর্ধেক ভেঙে বিলীন হয়ে গেছে। বাঁশের সাঁকো বসিয়ে কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে যোগাযোগ। ছবিটি গত রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারার কেয়াগড় গ্রাম থেকে তোলা l প্রথম আলো

দেড় কিলোমিটারের সড়ক। কিছুদূর অন্তর বাঁশের সাঁকো। এভাবে সড়কের শেষ প্রান্ত পর্যন্ত আসতে পাড়ি দিতে হয় সাতটি সাঁকো। এ কারণে গাড়ি চলে না। হাঁটা ছাড়া কোনো উপায় নেই। এ চিত্র চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেয়াগড় গ্রামের প্রধান সড়কের।

শুধু প্রধান সড়ক নয়, গ্রামের বিভিন্ন পাড়ায় যাতায়াতে রয়েছে আরও আটটি সাঁকো। যোগাযোগ সমস্যার কারণে উপজেলার চাতরী ইউনিয়নের এ গ্রামটি উন্নয়নেও পিছিয়ে রয়েছে। অথচ উপজেলা সদর থেকে এই গ্রামের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।

ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানায়, গ্রামটি তিনটি পাড়ায় বিভক্ত—পূর্ব, পশ্চিম ও উত্তরপাড়া। বসবাস অন্তত ১০ হাজার মানুষের। নানা কাজে প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের যেতে হয় উপজেলা সদরে। তাই চলাচলে ভোগান্তির যেন শেষ নেই।

উপজেলা সদরের আধা কিলোমিটার উত্তরে কেয়াগড়ের ঔমাতারা সড়কের শুরু। এ সড়কটির আধা কিলোমিটার পেরোলে পড়ে প্রথম সাঁকো। এটির দৈর্ঘ্য ১০-১২ ফুট। সেখান থেকে ২০০ মিটার পর কান্দরিয়া খাল। এই খালের ওপর রয়েছে ভাঙা সেতু। সেতুটি তিন ভাগে ভেঙেছে। ভাঙা অংশগুলো জোড়া লাগানো হয়েছে বাঁশের সাঁকো দিয়ে। এরপর আরও কিছুদূর গেলে শিবমন্দির এলাকায় রয়েছে ছোট আরও দুটি সাঁকো। এভাবে সড়কের শেষ প্রান্ত পশ্চিমপাড়া হাসপাতাল এলাকায় যেতে আরও চারটি সাঁকো পাড়ি দিতে হয়। এ ছাড়া গ্রামের অভ্যন্তরীণ সড়কে পূর্বপাড়ায় চারটি, পশ্চিমপাড়ায় একটি ও উত্তরপাড়ায় তিনটি সাঁকো রয়েছে।

গত রোববার সরেজমিনে দেখা গেছে, সব কটি সাঁকো নড়বড়ে। নারী-শিশুরা সাঁকো পাড়ি দিতে ভোগান্তিতে পড়ছে বেশি। সড়কটির প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ইট বিছানো, কিছু কাঁচা। ইট বিছানো অংশটিও ভাঙাচোরা। খানাখন্দে ভরে গেছে।

গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা সূর্য দত্ত বলেন, ‘আমাদের কষ্টটা যেন চেরাগের নিচে অন্ধকারের মতো। উপজেলা সদরের এত কাছে অথচ আমাদের অবহেলা আর বঞ্চনার যেন শেষ নেই। সাঁকো পার হয়ে প্রতিদিন দুই শতাধিক শিক্ষার্থী উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

গ্রামের বাসিন্দা ও নগরের পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী দেবব্রত দত্ত বলেন, ঘর থেকে বেরোলেই সাঁকোর পর সাঁকো। রাস্তাঘাট কাদায় একাকার। বর্ষাকালে পুরো এলাকা জলমগ্ন থাকে। ওই সময় সড়কের ওপর থাকে হাঁটুপানি।

ইউপি কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের দিকে কেয়াগড় এলাকার ঔমাতারা সড়কে শুরু থেকে আধা কিলোমিটার পর্যন্ত ইট বিছানো হয়। পরে ২০১৪-১৫ অর্থবছরে জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকা বরাদ্দ পেয়ে তিন পাড়ায় যাতায়াতের সড়কে ইট বিছানো হলেও তা বিভিন্ন সময় ভেঙে যায়। গ্রামটির মূল সমস্যা বর্ষায় জলমগ্ন থাকে। তা ছাড়া পূর্ণিমা ও অমাবস্যার সময় গ্রামের পাশের কর্ণফুলী নদীতে জোয়ারের পানির উচ্চতা বাড়লেও প্লাবিত হয়।

চাতরী ইউপি চেয়ারম্যান মো. ইয়াসিন প্রথম আলোকে বলেন, কেয়াগড় গ্রামের উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একটি সেতু পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে এলজিইডির আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান প্রথম আলোকে বলেন, কেয়াগড় এলাকায় ঔমাতারা সড়কে কান্দরিয়া খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের বরাদ্দ অনুমোদন হয়েছে। এটি নির্মিত হলে গ্রামবাসীর প্রধান সমস্যা কেটে যাবে। সহজে উপজেলা সদরে যাতায়াত করতে পারবে গ্রামের মানুষ।