এক গ্রামেই পাঁচটি ইটভাটার অনুমতি!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অধিকাংশ এলাকা শিল্পকারখানায় সমৃদ্ধ হলেও দরবাড়িয়া গ্রামটির মানুষ মূলত কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু ঢাকার যুবলীগের এক নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা পরিবেশ আইন লঙ্ঘন করে ফসলি জমি ভাড়া নিয়ে ওই একটি গ্রামেই গড়ে তুলেছেন পাঁচটি ইটভাটা।ইটভাটার কারণে বিপাকে পড়েছে গ্রামের বাসিন্দারা। বিষাক্ত ধোঁয়া ও আগুনের তাপে ফসলের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন কৃষকেরা। ভাটার প্রয়োজনে অতিরিক্ত ট্রাক চলাচলের কারণে উপজেলার জালশুকা থেকে কবিরপুর যাওয়ার রাস্তাটিরও করুণ অবস্থার সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈরের বাড়ইপাড়া নন্দনপার্ক এলাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার ভেতরে আটাবহ ইউনিয়নের দরবাড়িয়া গ্রাম। ওই গ্রামে বসতবাড়ির পাশে দুই একরের বেশি ফসলি জমির ওপর গড়ে উঠেছে ঢাকার পল্লবী থানা যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমানের রায়মা ম্যানুফেকচারিং ব্রিকস। ওই ইটভাটার মধ্য দিয়ে গেছে জালশুকা-কবিরপুর রাস্তা। ইটভাটার ধুলোবালির কারণে রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীর। ওই সড়কে একটি পুরোনো সেতুর সরকারি জায়গা দখল করে ভাটার কার্যালয় করেছে রায়মা ব্রিকস। ইটভাটার তিন পাশেই রয়েছে ধানখেত। এরপর আছে বসতবাড়ি। একই অবস্থা পাশাপাশি থাকা বাদল এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ব্রিকসের। ওই তিনটি ইটভাটা থেকে আধা কিলোমিটার দূরে এনএসবি এন্টারপ্রাইজ ও এমবিসি এন্টারপ্রাইজ নামের দুটি ইটভাটা। ওইগুলো বসতবাড়ি ও ফসলি জমির আশপাশে গড়ে উঠেছে।পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০), পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ (সংশোধিত-২০০২) ও ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন ১৯৮৯ অনুযায়ী, উর্বর কৃষিজমি বা তিন ফসলি জমি ও বসতবাড়ির তিন কিলোমিটার এলাকার মধ্যে ইটভাটার লাইসেন্স দেওয়া যাবে না। পরিবেশ অধিদপ্তর অবস্থানগত ছাড়পত্রের জন্য ২৭টি শর্ত দিলেও এর অর্ধেকের বেশি মানছে না ওই পাঁচটি ইটভাটার কর্তৃপক্ষ। এসব লঙ্ঘন করলে ইটভাটাগুলোর লাইসেন্স ও ছাড়পত্র বাতিল এবং জরিমানা করার কথা। কিন্তু পরিবেশ অধিদপ্তর তা করেনি; বরং ছাড়পত্র দিয়েছে।ইটভাটা কর্তৃপক্ষের বক্তব্য: ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারের মালিক মো. নূরুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়ার পর কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে ইটভাটা করা হয়েছে। হাবিবুর রহমান বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনেই ইটভাটা চালানো হচ্ছে। আশপাশে বাড়িঘর থাকলেও সেগুলো অনেক দূরে।’অন্যদের বক্তব্য: ইটভাটার কারণে গ্রামবাসীর সমস্যা হচ্ছে ও ফসলের উৎপাদন কমে গেছে বলে স্বীকার করেন আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আলীম। তিনি বলেন, ‘ওই পাঁচটি ইটভাটার ট্রেড লাইসেন্স ও অনাপত্তি সনদ দিয়েছেন আগের চেয়ারম্যান। আমার সময়ে এগুলো শুধু নবায়ন করা হয়েছে।’কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার জানান, দরবাড়িয়া গ্রামে ইটভাটার কারণে ফসলি জমি নষ্ট হলে কৃষি খাতে ব্যাপক ক্ষতি হবে। তাই দ্রুত ওই ইটভাটাগুলো বন্ধ করা দরকার।গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলম জানান, ওই এলাকার ইটভাটাগুলো পরিদর্শন করে ছাড়পত্র দেওয়া হয়েছে। এলাকাটি ইটভাটার জন্য কিছুটা হলেও ঠিক আছে। তবে ইটভাটার জন্য কৃষিজমির কিছু ক্ষতি হয়েছে।