এক গ্রামেই ৫০ ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিশস্যের ফলন কমে যাচ্ছে। আম, জাম, কাঁঠাল ও লিচুগাছেও আগের মতো ফলন হচ্ছে না। ঘরের মধ্যে ধোঁয়া ঢুকছে। ধোঁয়ার কারণে গাছের পাতাও শুকিয়ে যাচ্ছে। ইটভাটার ধোঁয়ার কারণে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে এভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখানে অবৈধভাবে স্থাপন করা হয়েছে ৪৬টি ইটভাটা। এসব ভাটায় কয়লা ব্যবহারের নিয়ম থাকলেও ব্যবহার করা হচ্ছে কাঠ। আবার চিমনি ছোট হওয়ায় ধোঁয়ার কারণে এলাকার গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।বরিশাল বিএম কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান কাজী আবদুল মালেক বলেন, এক এলাকায় অধিক ইটভাটা হলে সেখানে কার্বনের পরিমাণ বেড়ে তাপমাত্রা বেড়ে যায়। এতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে। ফলে গাছপালা স্বাভাবিকভাবে বাড়তে পারে না। একই কারণে গাছের ফলন কমে যায়। মানুষের শ্বাসকষ্ট বেড়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অনুযায়ী জনবসতি এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা করার নিয়ম নেই। কিন্তু কলসকাঠী গ্রামে এ নিয়ম মানা হচ্ছে না। গড়ে এক কিলোমিটার এলাকায় ১০ থেকে ১৫টি ইটভাটা স্থাপন করা হয়েছে। কাগজে-কলমে এসব ইটভাটায় চিমনির উচ্চতা ১২০ ফুট করার কথা থাকলেও বাস্তবে ৩২ থেকে ৪০ ফুট চিমনি স্থাপন করা হয়েছে। নিয়ম না থাকলেও এ অঞ্চলের সব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলসকাঠী গ্রামে ৫০টি ইটভাটা থাকলেও পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি রয়েছে মাত্র চারটির। অনুমতি ছাড়া ইটভাটা করায় কলসকাঠীর ২২টি ইটভাটার বিরুদ্ধে ২০০৬ সালে ২২ নভেম্বর পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নোটিশ দেয় এবং সে নোটিশের তদন্ত শেষে ২৩ নভেম্বর পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদন অনুযায়ী ইটভাটাগুলো বন্ধ করতে ২০০৭ সালের প্রথম দিকে হাইকোর্টে রিট পিটিশন করা হয়। কিন্তু ওই পিটিশনের শুনানি না হওয়ায় পরিবেশ অধিদপ্তর সেখানে কোনো অভিযান চালাতে পারছে না।সরেজমিনে দেখা গেছে, এক-দুইটা বাড়ির পরই একটি করে ইটভাটা রয়েছে। এসব ভাটায় ৩২ ফুট চিমনি দিয়ে ধোঁয়া বের হয়। গঙ্গা, অন স্টার, রাজা, বেঙ্গল, বাবা, ননি , নিপা ব্রিকসসহ অধিকাংশ ইটভাটায় রয়েছে ড্রাম চিমনি।স্থানীয় হোসেন হাওলাদার জানান, ইটভাটাগুলো থেকে বের হওয়া ধোঁয়ার কারণে বিভিন্ন গাছের ফলন কমে গেছে। কৃষক মো. রফিক জানান, ভাটার কারণে রবিশস্য এখন আর তেমন হয় না।নাম প্রকাশ না করার শর্তে এক ইটভাটার শ্রমিক জানান, ইট পোড়ানোর সময় প্রচুর ধোঁয়া হয়। তাই পোড়ানোর সময়মালিকের বাড়ির লোকজন এখানে থাকে না। মৌসুম শেষ হলে তারা আসে।বাবা ও স্টার ব্রিকসের মালিক মো. নাজমুল হক বলেন, তাঁর ইটেরভাটায় তেমন কোনো ক্ষতি হয় না। কাঠ পোড়ানোর বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।পরিবেশ অধিদপ্তরের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বরিশালের ৫২টি অবৈধ ইটভাটার অধিকাংশই কলসকাঠী গ্রামে। অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপপরিচালক কায়সার আহম্মেদ বলেন, ‘কলসকাঠীতে চারটি ইটভাটার পরিবেশের ছাড়পত্র রয়েছে। বাকিগুলোর ছাড়পত্র নেই। কীভাবে তাঁরা চালাচ্ছেন তা বলতে পারব না। কাঠ পোড়ানোর দায়ে জরিমানা ও নোটিশ দেওয়ার পরও তা বন্ধ করা সম্ভব হয়নি।’ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল হক বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখার পরই আমরা ইটভাটার অনুমোদন দিই। সুতরাং মূল দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের।’