এক গ্রামের ১২২ জন ডায়রিয়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউল্যা গ্রামে গত এক সপ্তাহে ১২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার ওই গ্রামের পাশের জামালনগর ও তোয়ারডাঙ্গার তিনজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রভাষ কুমার মণ্ডল ধারণা করছেন, দূষিত খাওয়ার পানি ও খাবারে অনিয়মের কারণে ডায়রিয়া হচ্ছে। পানি পরীক্ষার কোনো উদ্যোগ তিনি নেননি।
আশাশুনির শ্রীউল্যা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন চিকিৎসক সঞ্জয় কুমার দাশ বলেন, ৮ জুলাই রাত থেকে শ্রীউল্যা ইউনিয়নের শ্রীউল্যা গ্রামে হঠাৎ করে ডায়রিয়া দেখা দেয়। রাতেই গ্রামের ২৫-৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাতলা পায়খানা ও বমি করতে থাকে। এর পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গতকাল পর্যন্ত উপজেলায় ১২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
শ্রীউল্যা গ্রামের রুবিয়া খাতুন (২৫), ফরিদা খাতুন (২২) ও সুমাইয়া খাতুন (২১) বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার আগে পেটে ব্যথার পাশাপাশি জ্বর জ্বর অনুভূত হচ্ছে। তারপর পাতলা পায়খানা ও বমি শুরু হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রভাষ কুমার মণ্ডল বলেন, গত সাত দিনে বাড়ি বাড়ি গিয়ে ও হাসপাতালে ১২৫ থেকে ১৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে।