এক গ্রামের ১৪ প্রার্থী, ভোটাররা বিপাকে
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের ফয়লা গ্রাম থেকে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো কোনো প্রার্থীর বাড়ি থেকে আরেক প্রার্থীর বাড়ির দূরত্ব মাত্র কয়েক গজ। প্রার্থীদের ভিড়ে গ্রামের ভোটাররা পড়েছেন বিপাকে। এই গ্রাম থেকে মেয়র পদপ্রার্থী হয়েছেন দুজন, কাউন্সিলর পদপ্রার্থী নয়জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তিনজন। মেয়র পদপ্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ওহিদুজ্জামান। কাউন্সিলর পদপ্রার্থী বজলুর রশিদ নান্নু, আশরাফুল ইসলাম, আজিজুর রহমান, হাসান সিদ্দিক, শহিদুল ইসলাম, শাহেদ আলী, মনিরুজ্জামান, আহসান হাবিব ও ছাইয়েদুর রহমান। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা হচ্ছেন মমতাজ বেগম, আছমা খাতুন ও সুফিয়া বেগম। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফয়লা গ্রামে ভোটার তিন হাজার ৯৮ জন।গ্রামের ভোটার আবুল কাশেম জানান, তাঁদের গ্রামে কয়েক গজের মধ্যে একাধিক প্রার্থীর বাড়ি। একই গ্রামের অনেক প্রার্থী হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এক প্রার্থীর সঙ্গে কথা বলতে দেখলে অপর প্রার্থী প্রতিশ্রুতি না নিয়ে ছাড়তে চান না।