এক ঘটনায় দুই মামলা: দুই রকম বিবরণ দিলেন ইব্রাহিম ও তাঁর স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিমনের মা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে র‌্যাবের কথিত সোর্স ইব্রাহিমের করা হত্যা মামলার সঙ্গে একই ঘটনায় তাঁর স্ত্রীর করা মামলার বিবরণে মিল নেই। র‌্যাবের গুলিতে পা হারানো লিমন ও তার মা-ভাইয়ের ওপর ঈদের দিন হামলা করেন ইব্রাহিম। ওই দিন ঘটনাস্থলের অদূরে অসুস্থ হয়ে মারা যান ইব্রাহিমের শ্যালক ফোরকান। এ ঘটনায় ওই দিন (২০ আগস্ট) রাতেই ইব্রাহিমের স্ত্রী লিলি বেগম (ফোরকানের বোন) থানায় একটি অপমৃত্যু মামলা করেন। তাতে বলা হয়, অসুস্থ হয়ে ফোরকানের মৃত্যু হয়েছে। একই বিষয়ে ঘটনার তিন দিন পর ইব্রাহিম আদালতে হত্যা মামলা করেন লিমনের মা, বাবা, ভাই, মামাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। রাজাপুর থানায় লিলি বেগমের করা মামলার এজাহারে বলা হয়, ২০ আগস্ট বিকেল পাঁচটায় তাঁর স্বামী ইব্রাহিম বাড়ি থেকে বের হয়ে ইঁদুরবাড়ির রাস্তায় যান। সেখানে অবস্থান করছিলেন লিমন, তার ভাই সুমন, মা হেনোয়ারা, তিন খালা, খালাতো ভাই সোহাগ ও সোহাগের স্ত্রী। তাঁরা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এতে পথ চলাচলে অসুবিধার সৃষ্টি হলে ইব্রাহিমের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিমনের মা হেনোয়ারা বেগম ইব্রাহিমের জামার কলার ধরে ছিঁড়ে ফেলেন। ইব্রাহিম ধাক্কা দিয়ে হেনোয়ারাকে মাটিতে ফেলে দেন। তখন সুমন ইব্রাহিমকে মেরে জখম করেন। এ সংবাদ পেয়ে ফোরকান বাড়ি থেকে দৌড়ে ইঁদুরবাড়ির রাস্তায় যাচ্ছিলেন। পথে নুরুল ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন লিলি বেগমের আত্মীয় সায়লা ও তানিয়ার ডাক-চিৎকারে প্রতিবেশী মহিবুল ও মামুন এসে ফোরকানকে ধরে ইব্রাহিমের বোন নীলুফার ইয়াসমিনের বাড়িতে নিয়ে যান। তাঁরা ডাক্তার আনার চেষ্টা করেন। কিন্তু এর আগেই ফোরকানের মৃত্যু হয়।এদিকে ইব্রাহিমের করা হত্যা মামলায় ঘটনাস্থল সাতুরিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে ও সময় বিকেল সোয়া চারটা বলে উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়, ঘটনার দিন আসামিরা ইব্রাহিমকে পরিকল্পিতভাবে হত্যার জন্য চারদিক থেকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাঁর চিৎকার শুনে শ্যালক ফোরকান ঘটনাস্থলে গেলে আসামিরা সবাই একযোগে তাঁকে চেপে ধরেন। এ সময় লিমনের ভাই সুমন সজোরে ফোরকানের মাথার পেছনে ঘুষি মারেন। এতে ফোরকান মাটিতে পড়ে যান। এ সময় সাতুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেন দুই হাত দিয়ে ফোরকানের গলা চেপে ধরেন। লিমনের বাবা তোফাজ্জল হোসেন ও বড় মামা কাঠমিস্ত্রি ছিদ্দিক হোসেন ফোরকানকে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। আসামিদের উপর্যুপরি কৌশলগত আঘাতে ফোরকান মারা যান।দুই মামলায় দুই রকম তথ্য সম্পর্কে জানতে চাইলে লিলি বেগম প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি তাৎক্ষণিকভাবে মামলা করেছেন, পুরো ঘটনা বুঝতে পারেননি। পরে তাঁর স্বামী ইব্রাহিমের করা মামলার বিবরণই সঠিক।এ সম্পর্কে ইব্রাহিম দাবি করেন, পুলিশ ফোরকানের লাশের ময়নাতদন্ত করার কথা বলে লিলি বেগমের কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছে। তারপর পুলিশ মনগড়া বক্তব্য বসিয়ে মামলা নিয়েছে।এ ব্যাপারে রাজাপুর থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক আবদুল হালিম বলেন, ইব্রাহিমের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। লিলি বেগমের দেওয়া এজাহারই তাঁরা গ্রহণ করেছেন।