এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের দুই ঘণ্টা থাকে না। দৈনিক প্রায় ১৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের এ পরিস্থিতিতে প্রচণ্ড গরমে ১৫ দিন ধরে কষ্ট পাচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, রায়পুর উপজেলায় প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছেন। এ জন্য প্রায় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু চাঁদপুর ও চৌমুহনী গ্রিড থেকে মাত্র পাঁচ-ছয় মেগাওয়াট সরবরাহ করা হয়। এ কারণে লোডশেডিং হচ্ছে।
পৌর শহরের ব্যবসায়ী মো. আরিফুর রহমান বলেন, অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে তাঁদের ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। এ জন্য তাঁদের জেনারেটরের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। এতে ব্যয় অনেক বেড়ে গেছে। এ ছাড়া পৌর শহরের ওয়ার্কশপ, ব্যাংক, বিমা ও সরকারি কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় মারাত্মক বেগ পেতে হচ্ছে।
চর আবাবিল গ্রামের কৃষক আবদুল হাই ও মাহমুদুল হাসান বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁদের অবস্থা খুব খারাপ। বিদ্যুৎ না থাকায় বৈদু্যতিক পাখা চালানো যায় না। তাই প্রচণ্ড গরমে পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা দুর্ভোগ পোহাচ্ছেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যাংক চলাকালে আট ঘণ্টার মধ্যে পাঁচ-ছয় ঘণ্টাই জেনারেটর চালাতে হয়। এ কারণে জেনারেটরের তেল বাবদ মাসে ৪৫-৫০ হাজার টাকা ব্যয় হয়।
কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজান কামালসহ তিনজন জনপ্রতিনিধি জানান, এক ঘণ্টা বিদ্যুৎ থাকে, দুই ঘণ্টা লোডশেডিং হয়। বিশেষ করে কেরোয়া ও চরপাতা ইউনিয়নে আরও বেশি। বিদ্যুতের এ অবস্থার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে গ্রাহকেরা রাস্তায় আন্দোলনে নামতে পারেন।
রায়পুর পৌরসভা পানি সরবরাহ শাখা সূত্রে জানা গেছে, অব্যাহত লোডশেডিংয়ের কারণে পৌরসভার উচ্চ জলাধারে পানি ওঠানোর কাজ ব্যাহত হয়। এ কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা যাচ্ছে না।
রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সুদাস চন্দ্র রক্ষিত বলেন, পানপাড়া ও রায়পুর উপকেন্দ্রের মাধ্যমে রায়পুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। চাহিদা ১৫ মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু পাওয়া যাচ্ছে পাঁচ-ছয় মেগাওয়াট। চাহিদা অনুযায়ী চৌমুহনী ও চাঁদপুর গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ না করায় এ লোডশেডিং হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।