এক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার আর্থ আওয়ার আজ
আজ শনিবার ভারতের স্থানীয় সময় রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এক ঘণ্টা যখন আর্থ আওয়ার পালনের কথা, তখন কলকাতার ইডেন গার্ডেন মাঠে চলবে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ। এই সময়ে উপমহাদেশের দর্শকেরা কি বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবিলার আন্দোলনে অংশ নিয়ে ঘরে টেলিভিশন, বাতি ও বিদ্যুৎ-চালিত অন্যান্য সামগ্রী বন্ধ রাখবেন?
এই প্রশ্নের উত্তর যাই হোক, বিশ্বের সাত হাজার শহরের পরিবেশবাদীরা স্থানীয় সময় আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তাঁদের বাড়ি ও কর্মস্থলে বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের বিপদ থেকে বাঁচাতে এই আর্থ আওয়ার কর্মসূচি পালিত হয়। ২০০৭ সালে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ডব্লিউডব্লিউএফ প্রথম এই কর্মসূচি পালন করে। বাংলাদেশে ডব্লিউডব্লিউএফের কোনো শাখা নেই।
বাংলাদেশে সরকারিভাবে এই কর্মসূচি পালিত না হলেও বেসরকারি সংস্থা, পরিবেশবাদী সংগঠন ও ব্যক্তি নিজস্ব উদ্যোগে আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আর্থ আওয়ার পালন করবেন।
বাংলাদেশে সরকারিভাবে এই কর্মসূচি পালন না হওয়ার বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো কর্মসূচির কথা আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ডব্লিউডব্লিউএফ থেকে এ ব্যাপারে কোনো ই-বার্তাও পাইনি। ফলে আমরা কোনো উদ্যোগ নিইনি।’
তবে কোপেনহেগেন কনসেনসাস সেন্টার নামের একটি আন্তর্জাতিক সংস্থা বলছে, এক ঘণ্টা বৈদ্যুতিক বাতি বন্ধ থাকা বিশ্বের জলবায়ু পরিবর্তন বিষয়ে মূল সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখবে না। কার্বন নিঃসরণের উৎস বন্ধ করতে না পারলে ব্যবহার বন্ধ করে সমস্যার সমাধান হবে না।
কোপেনহেগেন কনসেনসাস সেন্টারের পরিচালক বিজর্ন লুমবার্গ প্রথম আলোকে ই-মেইল বার্তায় বলেন, উন্নয়নশীল দেশগুলোর ১৩০ কোটি মানুষ এখনো বিদ্যুৎ-সংযোগই পায়নি। তাদের কাছে প্রতিটি রাতই অন্ধকার। তাদের জন্য কম কার্বন নিঃসরণ হয় এমন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানোই জরুরি।
ডব্লিউডব্লিউএফ বলেছে, আজ বাংলাদেশসহ ১৭২টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি আর্থ আওয়ার পালনের ঘোষণা দিয়েছে। আজ আফ্রিকার দেশ উগান্ডা তাদের বনভূমিতে বিদ্যুতের ব্যবহার বন্ধে আর্থ আওয়ার ফরেস্ট-এর ঘোষণা দেবে। আর আর্থ আওয়ারের আদিভূমি অস্ট্রেলিয়ায় ২২ লাখ মানুষ ও ২০০০টি প্রতিষ্ঠান আর্থ আওয়ার পালনে সিডনিতে জড়ো হবে।