এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, দুই ঘণ্টা লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঘণ্টা পর পর দুই ঘণ্টা লোডশেডিং। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতের এটা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলাও লোডশেডিং থেকে রেহাই নেই উপজেলাবাসীর। ১৫ দিন ধরে দৈনিক গড়ে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ ছাড়া থাকতে হয় তাদের।

উপজেলার চরপাতা গ্রামের হাবিবুর রহমান ও কেরোয়া গ্রামের সহিদ উল্যা বলেন, সন্ধ্যায় এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে না। দিনেও তিন-চার ঘণ্টা লোডশেডিং থাকে।

পৌর শহরের মধুপুর এলাকার আবুল খায়ের বলেন, অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন লোকজনকে জেনারেটরের ওপরই ভরসা রাখতে হচ্ছে। এতে ব্যয় অনেক বেড়ে গেছে।

রায়পুর পৌরসভার পানি সরবরাহ শাখা সূত্রে জানা গেছে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পৌরসভার ট্যাংকে পানি ওঠানোয় সমস্যা হচ্ছে। ফলে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা যাচ্ছে না।

পৌরসভার ৬ ওয়ার্ডের কাউন্সিলর আইনুল কবির ও কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজান কামালসহ উপজেলার চারজন জনপ্রতিনিধি বলেন, ১ আগস্ট থেকে রায়পুরে বিদ্যুতের এ অবস্থা চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। কলকারখানা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বিমা ও অফিসপাড়া সর্বত্রই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গ্রাহকেরা বিদ্যুতের জন্য আবার রাস্তায় নামতে পারেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৯ অক্টোবর বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ লোকজন রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সাতটি গাড়িতে আগুন দিয়েছিলেন। আগুনে কয়েক লাখ টাকার বৈদ্যুতিক মালামালও পুড়ে যায়। এ ছাড়া বিক্ষোভকারীরা লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের কয়েটি স্থানে গাছের গুঁড়ি ও ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে সাত-আট ঘণ্টা অবরোধ করে রাখেন।

রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৩৬ হাজার গ্রাহক রয়েছেন। তাঁদের চাহিদা ১৯ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু পানপাড়া ও রায়পুরের বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। এ দুই উপকেন্দ্র থেকে সাতটি ফিডারে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয়। চাহিদার তুলনায় বিদ্যুৎ কম থাকায় নিয়ম করে একটি ফিডার বন্ধ করে অন্যটি চালু করা হয়।

জানতে চাইলে রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শামছুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম হওয়ায় সন্ধ্যার পর থেকে একটি ফিডার বন্ধ করে অন্যটি চালু করা ছাড়া উপায় থাকে না। ঘুরে ঘুরে বন্ধ ফিডারে আবার সংযোগ দিতে দুই ঘণ্টার মতো সময় লেগে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।