এক ঘণ্টা ব্যবধান দুই পেট্রলপাম্পে ডাকাতি
মাত্র এক ঘণ্টার ব্যবধানে যশোরের অভয়নগর উপজেলার মহাকালে ও যশোরের মুড়লী মোড়ে গতকাল শনিবার ভোরে দুটি পেট্রলপাম্পে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে চার লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে।
যশোর মুড়লী মোড়ের প্রাইম পেট্রলপাম্পের মালিক রফিদুল হক জানান, ভোর চারটার দিকে পাঁচ সদস্যের একটি ডাকাত দল একটি সাদা রঙের ব্যক্তিগত মোটরগাড়িতে (ঢাকা মেট্রো-১৫-৬৫৮৫) করে তাঁর পেট্রলপাম্পে ঢুকে কর্মচারীদের অস্ত্রের মুখে ভান্ডারকক্ষে আটকে রেখে পাম্পের ক্যাশবাক্স ভেঙে দুই লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
অভয়নগর উপজেলার মহাকালে অবস্থিত আলেয়া ফিলিং স্টেশনের মালিক হাছানুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে এক দল ডাকাত সাদা রঙের একটি গাড়িতে (ঢাকা মেট্রো-১৫-৬৫৮৫) করে এসে অস্ত্রের মুখে কর্মচারীদের জিমিঞ্চ করে ক্যাশবাক্স ভেঙে দুই লাখ ১৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উভয় পেট্রলপাম্পের মালিক পৃথক দুটি মামলা করেছেন।