এক ঘণ্টার বৃষ্টিতে নগর থই থই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঘণ্টার বৃষ্টিতে পুরো নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নালাগুলো ময়লা-আবর্জনায় আটকে থাকায় বৃষ্টির পানি সরতে পারছে না। তাই একটু বৃষ্টিতে জলাবদ্ধতার নগরে পরিণত হয় বরিশাল—এমন অভিযোগ নগরবাসীর।
গতকাল বুধবার বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বৃষ্টিতে নগরের সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, বাংলাদেশ ব্যাংক মোড়, কালীবাড়ি রোড, মল্লিক রোড, বগুড়া রোড, হাসপাতাল রোড, বটতলা, নবগ্রাম রোড, ভাটিখানা, কাউনিয়া, পলাশপুর, বিএম স্কুল রোডসহ বিভিন্ন স্থানে এক থেকে দেড় ফুট পানি জমে যায়। বরিশাল নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, নগরের নালাগুলো ময়লা-আবর্জনায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বর্ষার আগে এগুলো পরিচ্ছন্ন করা হয়নি। তা ছাড়া সিটি করপোরেশন থেকে নগরের পানিনিষ্কাশনের খালগুলো সংরক্ষণ কিংবা সংস্কার করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে একটু বৃষ্টিতে পুরো নগরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ জানায়, নালা পরিচ্ছন্নতায় কাজ করেছে করপোরেশন। কিন্তু এখন জোয়ারের পানির সঙ্গে বৃষ্টি হওয়ায় নগরের কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।